মেক্সিকোর পর্যটন শহরে নারী নির্যাতনের কালো ছায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একের পর এক নারী হত্যার ঘটনায় মেক্সিকোর পর্যটন শহর কিনতানা রোতে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। গত তিন সপ্তাহে শহরটি থেকে অন্তত সাতজন নারীর লাশ উদ্ধার করা হয়েছে। চলতি বছর এ পর্যন্ত মোট ১৮ জন নারীর লাশ উদ্ধার করা হয়। গার্ডিয়ান অনলাইনের প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। 

হত্যার শিকার নারীরা লিঙ্গবৈষম্যের শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন দেশটির নারীবাদী কর্মীরা। তবে অভিযোগ অস্বীকার করে প্রশাসন বলছে, পারিবারিক সহিংসতার কারণেই এসব হত্যাকাণ্ড ঘটেছে। শহরটির পর্যটন শিল্প ও অর্থনৈতিক উন্নতি ব্যাহত করার লক্ষ্য নিয়েই এসব হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে।
কিনতানা রো মেক্সিকোর অন্যতম পর্যটন শহর বলে পরিচিত। দেশটির পর্যটন বিভাগের এক পরিসংখ্যানে বলা হয়, ২০১৪ সালে প্রায় ১ কোটি ৪০ লাখ পর্যটক এই শহর ভ্রমণ করেন। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে নৃশংস নারী হত্যাকাণ্ডগুলোর কারণে পর্যটন খাত বেশ বড় ধরনের ধাক্কায় খেয়েছে। চলতি বছর এ পর্যন্ত যে ১৮ জন নারীর লাশ পাওয়া যায়, তাঁদের মধ্যে অন্তত দুজনকে শ্বাসরোধে এবং কয়েকজনকে যৌন নির্যাতন করে হত্যার পর জন সমাগমস্থলে লাশ ফেলে রাখা হয়। নিহত ১৮ নারীই মেক্সিকোর নাগরিক।
কিনতানা রোতে নারী অধিকার নিয়ে কাজ করা সংগঠন অবজারভেটরি অব সোশ্যাল অ্যান্ড জেন্ডারের পক্ষ থেকে সেলিনা ইসকিয়ারো সানচেজ সাম্প্রতিক ঘটনাগুলোকে নারীর বিরুদ্ধে সহিংসতার ‘টাইম বোমার’ বিস্ফোরণ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এ জাতীয় সহিংসতা বারবার ঘটছে, কারণ সরকার সমস্যাটিকে গুরুত্ব দিচ্ছে না। বরং সমস্যাটিকে নারীর বিরুদ্ধে সহিংসতা হিসেবে না দেখে সরকার পর্যটনশিল্পের বিকাশ ব্যাহত করার কর্মকাণ্ড হিসেবে দেখছে।
কিনতানা রোর গভর্নর রবার্তো বোর্জ আংলো সম্প্রতি লন্ডনে এক পর্যটন সম্মেলনে দেওয়া বক্তৃতায় বলেন, সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলো পারিবারিক সহিংসতার কারণে ঘটছে। যাঁরা একে নারীর বিরুদ্ধে সহিংসতা বলছেন, তাঁরা কিনতানার সাফল্যকে নেতিবাচকভাবে দেখছেন। তাঁরা পর্যটনশিল্পের উন্নয়ন ও টেকসই সমৃদ্ধি, কর্মজীবী প্রজন্ম এবং পারিবারিক অর্থনীতিকে ব্যাহত করার চেষ্টা করছেন।
ফরেনসিক অপরাধ এবং লৈঙ্গিক সহিংসতাবিষয়ক বিশেষজ্ঞ মনিকা ফ্রানকো বলেন, এসব হত্যাকাণ্ড নারীর বিরুদ্ধে সহিংসতারই অংশ। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, পরিবারে নারীর বিরুদ্ধে নির্যাতন ও সহিংসতা মোকাবিলার ব্যর্থতাই ধীরে ধীরে হত্যাকাণ্ডে রূপ নিচ্ছে।