মেক্সিকো সীমান্ত বন্ধ করে দেব, হুমকি ট্রাম্পের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মেক্সিকো যদি অবৈধ বহিরাগতদের অব্যাহত আগমন ঠেকাতে ব্যর্থ হয়, তাহলে এক সপ্তাহের মধ্যে তিনি সে দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সীমান্ত বন্ধ করে দেবেন। প্রথমে শুক্রবার টুইটারে এক বার্তায় তিনি এই হুমকি দেন। পরে ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমি খেলা করছি না। মেক্সিকো যদি ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়, তাহলে আমি লম্বা সময়ের জন্য সীমান্ত বন্ধ করে দেব। ট্রাম্প দাবি করেন, সীমান্ত বন্ধ করে দিলে যুক্তরাষ্ট্রেরই লাভ হবে। মেক্সিকোর সঙ্গে যে বিশাল বাণিজ্য ঘাটতি আছে, তা হ্রাস পাবে।

অধিকাংশ অর্থনীতিবিদ মনে করেন, মেক্সিকোর সঙ্গে সীমান্ত বন্ধ করে দিলে তার পরিণাম ভয়াবহ হবে। এই সীমান্ত পথে প্রতিদিন প্রায় দেড় বিলিয়ন ডলারের দ্রব্য আদান-প্রদান হয়। দুই দেশেরই লাখ লাখ মানুষের জীবিকা এই বাণিজ্য পথের ওপর নির্ভরশীল।

হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর অবশ্য ট্রাম্পের এই ঘোষণার পরপরই সাংবাদিকদের ভিন্ন কথা বলেন। এই দপ্তরের একজন মুখপাত্র এই বলে আশ্বস্ত করেন যে এই মুহূর্তে সীমান্ত বন্ধের কোনো পরিকল্পনা নেই। অবৈধ অভিবাসন ঠেকাতে তাঁরা আরও অধিকসংখ্যক নিরাপত্তাপ্রহরী মোতায়েন করবেন বলে তিনি সাংবাদিকদের জানান। তবে তিনি এ কথাও বলেন বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে। অবৈধ অভিবাসন ঠেকাতে প্রয়োজন হলে তেমন ব্যবস্থাই নেওয়া হবে। কবে বা কত দিনের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে, সে কথা জানাতে মুখপাত্রটি অস্বীকার করেন।