মেক্সিকোতে বন্দুকযুদ্ধে নিহত ৪৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকোর মিচোয়াকান প্রদেশে নিরাপত্তাবাহিনী ও মাদক ব্যবসায়ীদের মধ্যে বন্দুকযুদ্ধে ৪৩ জন নিহত হয়েছে বলে দেশটির নিরাপত্তাবাহিনী দাবি করেছে। তারা বলছে, নিহতদের মধ্যে ৪২ জন সন্দেহভাজন মাদক ব্যবসায়ী ও একজন তাদের সদস্য।

এএফপির খবরে জানা যায়, গতকাল শুক্রবার তিন ঘণ্টা ধরে ওই বন্দুকযুদ্ধ চলে। দেশটির জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিশনার (ন্যাশনাল সিকিউরিটি কমিশনার) মন্তে আলেজান্দ্রো রুবিওর ভাষ্য, বন্দুকযুদ্ধের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তবে ওই অপরাধী চক্রের নাম জানাননি রুবিও। তাঁর দাবি, সেটি জালেসকো প্রদেশের মাদক ব্যবসায়ীদের বড় একটি চক্র। তাদের সঙ্গে এশিয়া ও যুক্তরাষ্ট্রের মাদক পাচারকারীদের যোগসাজশ রয়েছে। মার্চ ও এপ্রিলে এই চক্রটি ২০ জন পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছেন বলে তাঁর দাবি।

রুবিওর ভাষ্য, নিরাপত্তাবাহিনীর উপস্থিতি টের পেয়ে একজন বন্দুকধারী প্রথমে গুলি চালায়। পরে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি জানান।

ঘটনাস্থল থেকে ৩৬টি রাইফেল, রকেট লাঞ্চার, শক্তিশালী রাইফেল ও গুলি উদ্ধারের দাবি করেছেন রুবিও।