মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচন জরিপে বামপন্থী প্রার্থী অনেক এগিয়ে
মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচনের জনমত জরিপে বামপন্থী প্রার্থী আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন। এ মুহূর্তে নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তাঁর ব্যবধান ২০-৩০ শতাংশ পয়েন্ট। মাত্র কয়েক বছর আগেও যাঁর রাজনৈতিক ভবিষ্যৎ মোটেও পরিষ্কার ছিল না, তাঁর জন্য এ এক অভাবনীয় প্রত্যাবর্তন। শাসকগোষ্ঠীর প্রতি সাধারণ মানুষের তীব্র বিতৃষ্ণা লোপেজ ওব্রাদরকে জনগণের কাছে ফিরিয়ে এনেছে বলে মনে করছে দ্য নিউইয়র্ক টাইমস।
সম্প্রতি গুয়াদালাজারায় এক জনসভায় বিরাটসংখ্যক মানুষ লোপেজ ওব্রাদরের কথা শুনতে আসেন। হালিস্কো অঙ্গরাজ্যের এই রাজধানী শহরে বিত্তবানদের বাস। এর আগে তাঁরা লোপেজ ওব্রাদরের বাম মঞ্চকে আমূল সংস্কারবাদী মনে করে মুখ ফিরিয়ে নিয়েছিলেন।
জনসমাবেশে লোপেজ ওব্রাদর বলেন, ‘আমাদের দেশের ইতিহাসে আমরা তিনটি রূপান্তর পেয়েছি: আমাদের স্বাধীনতা, সংস্কার ও বিপ্লব। এবার আমরা চতুর্থটি ছিনিয়ে নিতে যাচ্ছি।’
লোপেজ ওব্রাদর আগে তিনবার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং একবার অল্প ব্যবধানে হেরে গিয়ে কয়েক মাসের জন্য রাজধানী মেক্সিকো সিটি অচল করে দিয়েছিলেন।
এবার লোপেজ ওব্রাদর আমেরিকার প্রেসিডেন্টকে মোকাবিলা করতে পারবেন। মেক্সিকোর বিরুদ্ধে ট্রাম্পের বিষোদ্গারের কারণে দুই দেশের মধ্যে সম্পর্ক আগের যেকোনো সময়ের চেয়ে খারাপ।
নিজে চরিত্রগতভাবে যুদ্ধংদেহী হলেও লোপেজ ওব্রাদর প্রেসিডেন্ট ট্রাম্পের বিষয়ে বিস্ময়কর রকমের মধ্যপন্থী।
এক সাক্ষাৎকারে লোপেজ ওব্রাদর বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখব। কিংবা বলা যায়, আমরা একটি সুন্দর দ্বিপক্ষীয় সুসম্পর্ক বজায় রাখব, কারণ তা অপরিহার্য।’
বস্তুত, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বেশ কয়েক ব্যাপারে লোপেজ ওব্রাদরের মিল আছে।
উভয়েই তাঁদের সমালোচক ও অনুমিত শত্রুদের কঠোর ভাষায় আক্রমণ করে থাকেন। উভয়েই গণমাধ্যম ও তাঁদের ক্ষমতা নিয়ন্ত্রণ করাকে সন্দেহের চোখে দেখেন। তাঁদের ভিত্তি ও আবেদনের কেন্দ্র রয়েছে জাতীয়তাবাদী বোধ ও হৃতগৌরবের প্রতি নস্টালজিয়া।
তবে ট্রাম্প যেখানে ডানপন্থী, লোপেজ ওব্রাদর সেখানে বামে যান। পাশাপাশি, ট্রাম্প যেখানে মেক্সিকোকে তাঁর আক্রমণের প্রিয় লক্ষ্যবস্তুতে পরিণত করেছেন, লোপেজ ওব্রাদর সেখানে নর্থ আমেরিকান ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্টকে মেক্সিকোর জীবিকার গুরুত্বপূর্ণ অংশ মনে করেন।
‘ব্রাজিলিয়ান, ফরাসি, ওরা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঝগড়া করতে পারে, কিন্তু মেক্সিকোর জন্য, ভূরাজনৈতিক কারণে, আমরা তা করতে পারি না,’ তিনি বলেন। ‘আমাদের একটা সমঝোতায় আসতেই হবে।’