মেঘলা আকাশে এক টুকরো রোদ্দুর

সুন্দর এই পৃথিবীতে কত মানুষ যে পাহাড় সমান দুঃখ–কষ্ট বুকে চেপে বেঁচে থাকে, তার খবর আমরা কজনই বা রাখি। আমরা কেবল বাইরের হাসি আর কান্না দেখেই বিচার করি, কে সুখে আছে আর কে বেদনায়! বিত্তবৈভব আর অট্টালিকার এই শহরে অনেক মা আছেন, যিনি প্রতি রাতে চোখের জলে বুক ভাসান। কোথায় কী যেন নেই..., বুকের ভেতর শুধু হাহাকার। কত যে মা অব্যক্ত বেদনায় ভেতরে-ভেতরে জ্বলেপুড়ে খাক হচ্ছেন, তার ইয়ত্তা নেই।
তেমনি একজন ‘মা’ শায়লা আযীম। ছেলে নাহিয়ান শাহেদ আযীম। বয়স ২৯ বছর। প্রথম সাড়ে তিন বছর বয়সে তার অটিজম ডায়গোনোসিস হয়।
শায়লা বলেন, নাহিয়ান অন্য শিশুদের চেয়ে সবকিছুই দেরিতে শুরু করে। যেমন হামাগুড়ি দেওয়া, বসা, হাঁটাসহ অন্য সব কিছুই। তিন বছর বয়সেও যখন নাহিয়ান আর অন্য দশটি শিশু মতো স্বাভাবিক আচরণ করতে পারত না, তখন মা হিসেবে তার মধ্যে উদ্বেগ্ন দেখা দেয়, তিনি দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হন। ডাক্তারের পরামর্শে মা শায়লার জীবনে শুরু হয় ছেলের জন্য ভিন্ন এক যুদ্ধ।
শায়লা ১৯৮৯ সালে ইমিগ্রান্ট হয়ে বাংলাদেশ থেকে আমেরিকায় স্থায়ী হন। তবে তার আগে বাংলাদেশে থাকতেই জন্ম হয় ছেলের। আর তাই সেখানে থাকতেই মা বুঝতে পারেন, তার আদরের সন্তান আর দশটি শিশুর মতো স্বাভাবিক নয়। সাত বছর বয়সেই নাহিয়ানের বাইপোলার ডিসঅর্ডার ডায়াগনোসিস করা হয়। ডাক্তারের অনেক পরীক্ষা-নিরীক্ষার পর জানতে পারেন, তার সন্তানের জন্য প্রয়োজন আরও অনেক বেশি থেরাপি, অনেক বেশি যত্ন।
নিউইয়র্কে মা শায়লা রিয়েল স্টেট ব্যবসায়ী। সংগত কারণে অনেক ব্যস্ত থাকেন। তার মধ্যেও ছেলের যত্নে নিতে কখনো তিনি এতটুকু ত্রুটি করেননি। এক সময় নাহিয়ান নিউইয়র্কে মেরি হ্যাভেন সেন্টার অব হোপ, হেড ইনজুরি অ্যাসোসিয়েশন অব লং আইল্যান্ড স্কুলে পড়াশোনা শুরু করে। নাহিয়ান বোর্ড অব কো অপারেটিভ এডুকেশনাল সার্ভিসেস থেকে ভকেশনাল ট্রেনিং নিয়েছে। মেরি হ্যাভেন সেন্টার অব হোপ থেকে গ্র্যাজুয়েশন করেছে, যা কি না সাধারণ হাইস্কুল ডিপ্লোমার সমমান।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য আমেরিকার শিক্ষা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে শায়লা জানান, এত কিছুর পরেও মনটা খুব খারাপ হয়ে যায়, যখন দেখি সমাজের কিছু মানুষ এই শিশুদেরকে অসুস্থ, বুদ্ধিহীন মনে করে, অবজ্ঞা করে, বাঁকা চোখে তাকায়। শায়লা বলেন, যে সব পরিবারে একটি স্পেশাল চাইল্ড বা বিশেষ শিশু আছে, তাদের মনের অজান্তেই ওই পরিবারের মা–বাবা এক ধরনের বিষণ্নতা আর হতাশায় ভুগতে শুরু করেন। সন্তানের ভবিষ্যৎ চিন্তায় বহু রাত না ঘুমিয়েই ভোর হয়।
শায়লা তার জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, এই দেশে যদি এ ধরনের শিশুদের কথা চিন্তা করে স্কুলসহ অন্যান্য সব প্রতিষ্ঠানে বাংলা ভাষার সাহায্যকারী থাকত, তাহলে অনেক বাবা–মা তার সন্তানের সমস্যার কথা আরও খোলামেলা আলোচনা করতে পারতেন। সমস্যাগুলোর সমাধানও আরও সহজ হত।
কথায় কথায় শায়লা আযীম জানালেন, নান রুটি আর কাবাব নাহিয়ানের প্রিয় খাবার। গান শুনতেও দারুণ পছন্দ ছেলের। তার প্রিয় শিল্পীদের তালিকায় আছে নুসরাত ফতেহ আলী খান, মান্না দে, কিশোর কুমার আর আইয়ুব বাচ্চু।
এরই মধ্যে বয়স গড়িয়েছে। নাহিয়ান কিন্তু পড়ালেখার পাশাপাশি অনেক কাজের অভিজ্ঞতাও সঞ্চয় করেছে। সে বার্নস অ্যান্ড নোবেল বুক স্টার, ম্যাকডোনাল্ড, সেন্ট চার্লস হসপিটাল, ১৮০০ ফ্লাওয়ার্স স্টোরে কাজ করেছে। যেগুলো আগামী জীবনে অনেক কাজে আসবে বলে তার ধারণা। নাহিয়ানের স্বপ্ন, তার মতো অন্য বিশেষ শিশুদের জন্য কিছু করা, যাতে তারা স্বাভাবিক জীবন ফিরে পেতে পারে, দাঁড়াতে পারে নিজের পায়, হতে পারে শিক্ষিত। আর সে নিজেও হতে চায় স্বাবলম্বী, যাতে সারা পৃথিবী জানে, সে এই সমাজে কারও জন্য বোঝা নয়। সে জানায়, তার মা–ই হচ্ছে তার পৃথিবী।
সন্তানের মুখ থেকে এসব কথা শায়লা খুঁজে পান জীবনের মানে। বলেন, ‘শত না পাওয়ার মাঝে, ওই মেঘলা আকাশে নাহিয়ানই আমার এক টুকরো রোদ্দুর।’