মেট্রোকার্ডকে বিদায় জানাচ্ছে নিউইয়র্ক!
মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথোরিটি (এমটিএ) গত ৩১ মে থেকে নিউইয়র্ক নগরীর বেশ কয়েকটি সাবওয়ে স্টেশনে ‘ট্যাপ অ্যান্ড গো’ টেকনোলজি চালু করেছে। এ পদ্ধতি পুরো সাবওয়ে ব্যবস্থায় চালু হলে বর্তমানে ব্যবহৃত মেট্রোকার্ড জাদুঘরে চলে যাবে।
গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশন থেকে বার্কলি সেন্টার পর্যন্ত ৪, ৫ ও ৬ সাবওয়ে লাইনের ১৬টি স্টেশনে এরই মধ্যে চালু হয়েছে ইলেকট্রনিকস রিডার। এ প্রযুক্তি চালুর ফলে এখন থেকে স্টেশনগুলোয় স্মার্টফোন, আইফোন ও কন্টাক্টবিহীন কার্ড ট্যাপ করেই প্রবেশ করা যাবে। ফলে মেট্রোকার্ডের আর প্রয়োজন হবে না। বর্তমানে শুধু এ ১৬টি স্টেশন ও স্ট্যাটেন আইল্যান্ডের বাসগুলোতেই অত্যাধুনিক এ প্রযুক্তি চালু হয়েছে। পুরো সাবওয়ে ব্যবস্থা ২০২৩ সালের মধ্যে এ প্রযুক্তির আওতায় নিয়ে আসা হবে। ফলে সেই সময় পর্যন্ত মেট্রোকার্ড চালু থাকছে। তবে তারপর থেকে এটি আক্ষরিক অর্থেই স্মারকে পরিণত হবে।
এ বিষয়ে এমটিএ বলছে, সাবওয়ে ব্যবস্থা আধুনিকীকরণ পরিকল্পনার একটি অংশ হিসেবেই এটি করা হচ্ছে। এর মাধ্যমে সাবওয়ে একই সঙ্গে যাত্রীবান্ধব ও আগের চেয়ে দ্রুততর হবে। নতুন এ ব্যবস্থার নাম দেওয়া হয়েছে ওয়ান মেট্রো নিউইয়র্ক (ওএমএনওয়াই)। এ পদ্ধতিতে যাত্রীদের কন্টাক্টবিহীন ব্যাংক কার্ড, অ্যাপল পে, গুগল পে অথবা মোবাইল ওয়ালেটের মধ্যে যেকোনো একটি ব্যবহার করতে হবে। প্রাথমিকভাবে এ ব্যবস্থা শুধু রেগুলার ভাড়ার ক্ষেত্রে ব্যবহার করা হবে। ডিসকাউন্ট ভাড়া অথবা আনলিমিটেড ফেয়ারের বেলায় এটি এখনই ব্যবহার করা যাবে না।