মেঠোসুর ভেসে বেড়ায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্ক সিটিতে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরের সামনে এখন বাঙালির শহীদ মিনার
নিউইয়র্ক সিটিতে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরের সামনে এখন বাঙালির শহীদ মিনার

প্রায় তিন দশক আগে স্বপ্নের দেশ আমেরিকায় এসে আমার মতো অনেকেই অবাক বিস্ময়ে অনেক কিছুই দেখি। বহু অভিবাসীর এ দেশে বহু ভাষার সমাহার। পথ চলতে বাসে-ট্রেনে এদিক-সেদিক যাই। চলাচলের ভাষা ইংরেজি। অভিবাসনের দেশে প্রতিদিন যোগ হয়েছে নতুন নতুন মানুষ। ওপি ওয়ান আর ডিভি লটারিতে আসা স্বদেশিরা হাপিত্যেশ করছেন নিজেদের ভাষা নিয়ে। আমাদের পাশেই স্প্যানিশ, চীনা অভিবাসী নিজেদের ভাষার প্রসার করেছে। পথ চলতে বাংলা শুনলে দাঁড়িয়ে যেতে হয়েছে। দুই-তিন দশক আগে নিউইয়র্কের পথে চলতে বাংলা শোনা ছিল বিরাট ব্যাপার।

দিন দ্রুতই পাল্টেছে। নিউইয়র্কে এখন বাংলা সাইনবোর্ডের সমাহার। আমাদের ব্যবসায়ীরা ব্যবসা করছেন বাংলা নামফলক দিয়ে। বিশ্বের রাজধানী নামে খ্যাত নিউইয়র্কে এখন বাংলা কোনো আগন্তুকের ভাষা নয়। বাংলা ভাষায় পত্রিকার সমাহার। অনেক অভিবাসী পত্রিকার সঙ্গে তুলনা করলে নিউইয়র্কের বাংলা পত্রিকা অনেক দৃষ্টিনন্দন। জ্যাকসন হাইটস একসময় ছিল ভারতীয়দের দখলে। হেঁটে গেলে শোনা যেত হিন্দি গান। ইংরেজির সঙ্গে হিন্দি সাইনবোর্ড দেখে বাঙালি-মন খারাপ হতো। সময় বদলে দিয়েছেন আমাদের সাধারণ প্রবাসীরা। কোনো একজনের কাজ নয়, কোনো দল বা সমিতির কাজ নয়, সাধারণ প্রবাসীদের অসাধারণ পথচলায় বাংলা আজ নিউইয়র্কের অন্যতম প্রতিনিধিত্বশীল ভাষা। জ্যাকসন হাইটসে এখন বাংলা গানের সুর ভেসে আসে। বিজয়ের মাস, স্বাধীনতার মাসে পথচারী হাঁটতে হাঁটতে শুনতে পায়, ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি...।’
গর্বে বুকটা ভরে যায়। প্রবাসে, বিশেষ করে নিউইয়র্কে বাংলা চর্চা বিশ্বের অন্যান্য নগরীর চেয়ে অনেক বেশি। নিউইয়র্কের সাবওয়ে ট্রেনে এখন সদ্য স্বদেশ থেকে আসা লোকজনকে থমকে দাঁড়াতে হয় না। বাংলায় লেখা সহজেই চোখে পড়ে। নিউইয়র্কের স্কুল সিস্টেমে বাংলা একটি স্বীকৃত ভাষা এখন। ভোট দিতে গিয়ে এখন বিব্রত হতে হন না দেশ থেকে আসা বয়স্কজনকে, যাঁরা আমেরিকায় এসে ইংরেজি শিখতে পারেননি। বাংলায় নির্দেশনা থাকে। বাংলা ভাষার দোভাষী থাকে।
নিউইয়র্কে আজ বাংলা আর বাংলাদেশিরা এমনই দৃশ্যমান, দেখা যায় ভিনদেশি আইনজীবীরা বাংলায় বিজ্ঞাপন দিচ্ছেন। অন্যান্য দেশের চিকিৎসকেরা বাংলায় কথা বলার লোক নিয়োগ দিয়ে আমাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। একসময় অসুখবিসুখ নিয়ে নিউইয়র্কের হাসপাতাল, ক্লিনিকে আমাদের স্বদেশিরা রোগের বিবরণ দিতে গিয়ে সমস্যায় পড়তেন। আজ সেই সমস্যা নেই। নিউইয়র্কের হাসপাতালে, ক্লিনিকে এখন বাংলায় নির্দেশনা রয়েছে। সহজেই বাংলাভাষীর সাহায্য পাওয়ার ব্যবস্থা রয়েছে। ইমিগ্রেশন আবেদন থেকে শুরু করে বেনিফিট আবেদনে বাংলা ভাষায় সাহায্য করার সুযোগ এখন অবারিত নিউইয়র্কে।
বাংলার এ প্রসারে প্রবাসীদের অভিবাসন-প্রবাহ যেমন কাজ করেছে, তেমনি প্রযুক্তির অবদানও অনবদ্য বলা যেতে পারে। বিদেশ-বিভুঁইয়ে এসে একসময় ঘরে বসে টিভি দেখতে যাঁদের মন চাইত না, বিশেষ করে পরিবার নিয়ে আবাসন যাঁদের, তাঁদের ঘরে সময় কাটাতে হতো কারাবন্দীর মতো। এ

পরিস্থিতির অবসান ঘটেছে স্যাটেলাইট প্রযুক্তির কারণে। নিউইয়র্কের ঘরে বসে দেখা যাচ্ছে বাংলা সব টিভি চ্যানেল। দেশের নাটক, দেশের খবর নিয়ে যাঁদের মন কাঁদে, তাঁদের ঘরে ঘরে এখন বাংলা টিভির বক্স। বেশ কটি বাংলা আইপিটিভি চালু আছে নিউইয়র্কে। স্থানীয় বাংলা সংবাদ দিয়ে, প্রবাসের লোকজনকে দিয়ে ২৪ ঘণ্টার এসব টিভি চলছে। প্রবাসের কুশীলবেরা চালিয়ে রাখছেন এসব টিভি চ্যানেল। 

প্রবাসে বাংলা চর্চায় গড়ে উঠেছে অনেক সাংস্কৃতিক সংগঠন। নিউইয়র্কে এসব সংগঠনের কষ্টের অভিযাত্রা আজ গর্বের সঙ্গে উচ্চারণ করার সময় এসেছে। বিশ্বের গুরুত্বপূর্ণ এ নগরীতে বিপার মতো সংগঠন গড়ে তুলেছেন একদল বাংলা সংস্কৃতির নিবেদিতপ্রাণ, নীরব কর্মী। প্রবাসে জন্ম নেওয়া প্রজন্ম, যাদের সঙ্গে বাংলাদেশের তেমন কোনো যোগাযোগ নেই, যারা বাংলাদেশে হয়তো যায়ওনি কোনো দিন, তারা যখন মঞ্চে গিয়ে চমৎকার কণ্ঠে রবীন্দ্র, নজরুলের গান গেয়ে ওঠে, গেয়ে ওঠে ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি...’, তখন গর্বে বুকটা ভরে যায়।
বাংলা আর বাঙালিত্বের এ জয় দেখে আমরা অহংকারী হয়ে উঠি। বিশ্বের নাগরিক হিসেবে আমরা গলা উঁচু করে বলতে পারি, এই বাংলা আমার মাতৃভাষা। মায়ের ভাষায় কথা বলার জন্য একমাত্র আমরাই রক্ত দিয়েছি। এ রক্ত বৃথা যায়নি। রক্তের ঋণ বহন করে বাঙালি আজ ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। বাংলা আজ এক আন্তর্জাতিক ভাষার মর্যাদা পেয়েছে। বুক উঁচিয়ে বলতে পারি, আমরাই সেই বাঙালি, বাংলা আমাদের মাতৃভাষা।