বড়দিনের আমেজ কাটতে না কাটতেই নতুন দিনের বার্তা নিয়ে আসছে ইংরেজি নতুন বছর। এরই মধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়ে গেছে নিউইয়র্ক শহরে। কেন্দ্রীয়ভাবে টাইমস স্কয়ারের মূল কনসার্ট আয়োজনে থাকছেন মারায়া ক্যারি। এ খবর এখন আর নতুন নয়। চাইলে তাঁর সঙ্গে গানের তালে নেচে–গেয়ে নতুন বছরকে স্বাগত জানাতে পারেন আপনিও। আর যাঁরা এতটা হুল্লোড় চান না, কিন্তু উৎসবের আমেজ চান, তাঁদের জন্যও রয়েছে বর্ণিল সব আয়োজন। নিউইয়র্ক শহরের শুধু ব্রুকলিনেই নতুন বছরের শুভক্ষণকে স্বাগত জানাতে আয়োজন করা হয়েছে এমন আরও বেশ কয়েকটি কনসার্টের। আসুন জেনে নেওয়া যাক, কখন কোথায় কারা আয়োজন করেছে এ কনসার্টগুলো।
টাইম অ্যান্ড স্পেস
ইস্ট উইলিয়ামসবার্গ ওয়্যারহাউসে ব্যাংঅন!এনওয়াইসি ও এলিমেন্টস ফেস্টিভ্যাল আয়োজিত এই কনসার্টে থাকছেন জনপ্রিয় শিল্পী ক্লেপটন। এই আয়োজনে সংগীতের পাশাপাশি থাকবে ইনস্টলেশন আর্ট, আগুন নিয়ে কসরতের প্রদর্শনীসহ আরও নানা আয়োজন। নিজেদের আয়োজন সম্পর্কে ব্যাপক আত্মবিশ্বাসী ব্যাংঅন!এনওয়াইসি ও এলিমেন্টস ফেস্টিভ্যালের দুই সহ–উদ্যোক্তা টিমোথি মোনকিভিস ও ব্রেট হারম্যান। গান ও আলোক প্রদর্শনীর পাশাপাশি আমরা পারফরম্যান্স আর্টের প্রদর্শনীও করছি।
আউটপুট
নিউইয়র্কের ব্রুকলিনে নববর্ষের বিশেষ কনসার্টের আয়োজন করেছে আউটপুট। চলতি বছর ইলেকট্রনিক মিউজিক অ্যাওয়ার্ড জেতা ক্লাবটির এই আয়োজনের মূল আকর্ষণ হিসেবে থাকছেন বেডরক রেকর্ডসের প্রতিষ্ঠাতা জন ডিগউইড। সঙ্গে থাকবেন তারা ব্রুকস। মূল মঞ্চের পাশে প্যানথার রুমে থাকছে আরও অনেক শিল্পীর পরিবেশনা।
সিটিফক্স ২০১৮
ব্রুকলিনেরই আভাঁ গার্ডনারে থাকছে সিটিফক্স ২০১৮–এর বিশেষ কনসার্ট। নতুন বছরের শুরুর ক্ষণ থেকে শুরু হয়ে পরদিন একটানা ২৬ ঘণ্টা চলবে এই কনসার্ট। এই উৎসব আয়োজনে থাকছে দুটি মঞ্চ, যেখানে ১৬টি পর্বে সংগীত পরিবেশনা চলবে। উল্লেখযোগ্য শিল্পীর মধ্যে রয়েছেন ডিক্সন, লি বারিজ ও হানি ডিজন।
শিমানস্কি
ব্রুকলিনের এই নাইটক্লাবে বিশেষ আকর্ষণ হিসেবে আসছেন অলিভার হেলডেনস। রাত ১২টা থেকে শুরু করে ভোর ৪টা পর্যন্ত কিংবদন্তিতুল্য এই ডাচ শিল্পীর পরিবেশনা উপভোগ করতে টিকিট কাটতে হবে। এমনকি উৎসবে ভেসে যেত আপনি যদি আর অপেক্ষা করতে না–ও চান, তার ব্যবস্থাও করেছে শিমানস্কি। নতুন বছরের বিশেষ কনসার্টে অলিভার হেলডেনসকে হাজির করার আগে প্রতি দিনই বিশেষ বিশেষ পরিবেশনার আয়োজন করেছে ক্লাবটি। নাইটক্লাবটিতে ২৯ ডিসেম্বর ফেডে লি গ্র্যান্ড এবং ৩০ ডিসেম্বর এমকে ও উইল ক্লার্কের পরিবেশনা ব্যবস্থা রাখা হয়েছে।
ডিপো ৫২ ওয়্যারহাউস
ড্যান্স মিউজিকের অন্যতম জনপ্রিয় নাম ডেভিড গেটা এবার আসছেন ব্রুকলিনের ডিপো ৫২ ওয়্যারহাউসে। সাধারণত আরেনাস কিংবা কোনো উৎসবের মতো বড় মঞ্চে সংগীত পরিবেশনে অভ্যস্ত ডেভিডকে এবার ব্রুকলিনবাসী আরও কাছ থেকে পেতে পারেন। আর ওয়্যারহাউসে কনসার্টটির আয়োজন এতে এক ধরনের আন্ডারগ্রাউন্ড মিউজিকের স্বাদও এনে দেবে।