মেমোরিয়াল ডের লম্বা ছুটিতে জমে উঠেছিল কনি আইল্যান্ড সৈকত

‘ফাইনালি সামার ইজ হিয়ার।’ গ্রীষ্মের মতো আদর এখানে আর কেউ পায় না। লম্বা শীতের পর মে মাসের শেষ সপ্তাহে রৌদ্রোজ্জ্বল ও উষ্ণ আবহাওয়ায় মেতে উঠেছে নিউইয়র্কবাসী। এতে নতুন মাত্রা এনেছে লম্বা ছুটি। মেমোরিয়াল ডে উইকেন্ডে কনি আইল্যান্ডের সৈকত তাই হয়ে পরিণত হয়েছিল আনন্দমুখর এক জনারণ্য।
প্রথম দিনের মতো সমুদ্র সৈকতগুলো আনুষ্ঠানিকভাবে খোলা হয় ২৫ মে। কিছু লোক সেদিনই সমুদ্রের পানিতে ডুব দিয়ে, সাঁতার কেটে দিনটি উদ্যাপন করে। বন্ধু ও পরিবারের সঙ্গে সুন্দর একটি দিন কাটানোর আনন্দ ও তৃপ্তি ছিল তাঁদের চোখেমুখে।
কনি আইল্যান্ড ও ব্রাইটন বিচের তীরে মেমোরিয়াল ডে উদ্যাপনকারী নারী-পুরুষের উপচে পড়া ভিড় ছিল দেখার মতো। তবে বিনোদন পার্কগুলো এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই খোলা হয়েছে। সেখানেও দেখা মিলল উচ্ছ্বসিত মানুষের। বোর্ডওয়াক ও নিউইয়র্ক অ্যাকুয়ারিয়াম অবশ্য সারা বছরই খোলা থাকে।
গ্রীষ্ম শুরু। এখন থেকেই শুরু হয়ে যাবে কর্মক্লান্ত মানুষের সৈকত সন্দর্শন। রোদে পুড়ে শরীর তামাটে বানানো এবং কাজের ক্লান্তি ও চিন্তা থেকে ক্ষণিকের মুক্তি খুঁজতে সবাই আসছে ছুটে সৈকতে। পরিবার, বন্ধুবান্ধব নিয়ে পিকনিক তো রয়েছেই। এখানে বিনোদনের জন্য আয়োজনের কোনো কমতি নেই। আছে লুনার পার্ক, রোপসার্কাস, বোর্ডওয়াকসহ আরও নানা আয়োজন। আর বিঅ্যান্ডবি ক্যারাউসেল হল একটি অবশ্য দর্শনীয় স্থান। আছে থান্ডারবোল্ট এবং সাইক্লোন, এমসিইউ পার্ক, ফায়ারওয়ার্ক, নিউইয়র্ক অ্যাকুয়ারিয়ামসহ আরও অনেক কিছু। নিউইয়র্ক অ্যাকোরিয়ামের প্রতি শিশুদের আকর্ষণ থাকে সবচেয়ে বেশি। সাগরের তলদেশ ভ্রমণের আনন্দ পাওয়া যায় এই অ্যাকোরিয়াম দেখার মধ্য দিয়ে। আছে ৪০ ফুটের বিশাল পর্দায় বিনা মূল্যে সিনেমা দেখার ব্যবস্থা।
কনি আইল্যান্ডে পথ চলতে গিয়ে রাস্তার শিল্পকর্মগুলো দেখলে চোখ ফেরাবার উপায় নেই পথচারীদের। যেখানে সুপরিচিত শিল্পীরা প্রতিটি ঋতুতে বিস্তৃতভাবে দেয়ালে তাদের আঁকা শিল্পকর্ম প্রদর্শন করে। ২০১৮ সালে সেখানে ৩৫টির মতো ম্যুরাল ছিল। স্ট্রিটফুড আর লাইভ মিউজিক আপনার মন কেড়ে নেবে মুহূর্তেই। আপনি হয়তো বাড়ি ফিরে যাওয়ার পথেই আবার ফিরে আসার জন্য মনে-মনে ছটফট করবেন। এভাবেই প্রতি গ্রীষ্মে কনি আইল্যান্ড তার মোহময়ী রূপে সেজে ওঠে, হাতছানি দিয়ে ডাকে নিউইয়র্কারদের।