মেরিল্যান্ডে আগ্নেসের পালার সফল মঞ্চায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আগ্নেসের পালা’-এর একটি দৃশ্য
‘আগ্নেসের পালা’-এর একটি দৃশ্য

মেরিল্যান্ড অঙ্গরাজ্যের সিলভার স্প্রিং শহরের সেন্ট ক্যামিলা হলে সফল মঞ্চায়ন হলো সাধ্বী আগ্নেসের জীবনভিত্তিক গীতিনাট্য ‘আগ্নেসের পালা’। ডমিনিক রোজারিও রচিত এই পালা গানের মঞ্চায়ন হয় গত ২৬ জুলাই।

স্থানীয় প্রবাসীদের অংশগ্রহণে মঞ্চায়িত এ পালার পরিচালক ছিলেন সুবাস আব্রাহাম ডি’কস্তা। সহকারী পরিচালক ছিলেন শ্যামল ডি’কস্তা। পালা মঞ্চায়নের শুরুতে পরিচালক সুবাস আব্রাহাম ডি’কস্তা বলেন, ‘আমরা কৃতজ্ঞ ও ধন্য। প্রবাসের কঠিন বাস্তবতার মধ্যেও আজ প্রতীক্ষিত পালা গান করতে যাচ্ছি। এই পালার মঞ্চায়নে প্রচুর মানুষের ভালোবাসা ও ত্যাগ রয়েছে।’

পালা গান শুরুর আগে বিপুল এলিট গনছালভেস, পলা রোজারিও ও ক্রিস্টিন রোজারিও আগত অতিথিদের পালা গানের সংক্ষিপ্ত কাহিনি বাংলা ও ইংরেজিতে তুলে ধরেন। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এ পালা গান চলাকালে হলে পিনপতন নীরবতা নেমে আসে। পালার মঞ্চায়ন অত্যন্ত সফল হয়েছে বলে মন্তব্য করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু রুমি।

পালার বিষয়ে পিপলএনটেকের স্বত্বাধিকারী প্রকৌশলী আবু বকর হানিপ বলেন, ‘আমেরিকার বুকে বাংলা সংস্কৃতির চর্চা একটি দুরূহ কাজ। আর এটি যদি হয় পালাগান, তবে তো তা আরও কঠিন হয়ে যায়। কিন্তু এই কঠিন কাজটিই সফলভাবে করে দেখাল সাধ্বী আগ্নেসের পালাগানের দল। এ জন্য সবাইকে অভিনন্দন। এভাবেই বিশ্বের বুকে বাংলা সংস্কৃতিকে ছড়িয়ে দিতে হবে।’

ফাদার শেখর রিচার্ড পেরেরা বলেন, দেশে থাকতে সাধ্বী আগ্নেসের পালা গান দেখার সৌভাগ্য হয়নি। কিন্তু এমন সৌভাগ্য প্রবাসে এসে হবে, তা ছিল অকল্পনীয়।

আগ্নেসের পালা গান শেষে ছিল লটারি ও পুরস্কার বিতরণী পর্ব। পুরস্কার বিতরণ করেন গ্র্যান্ড স্পনসর আলবার্ট গোমেজ, চন্দন ডি’কস্তা, শ্যামল ও রুমা ডি’কস্তা, আবু বকর হানিপ, সিস্টার ক্লারা, ফাদার শেখর রিচার্ড পেরেরা, ক্লারা মলি রোজারিও, প্রভাতি রোজারিও, জুড ভি গোমেজ ও ছবি গোমেজ।

পালা গানে সাধ্বী আগ্নেসের চরিত্রে রোজলিন মারিয়া ডি’কস্তা অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেন। প্রকোবিনের চরিত্রে অভিনয় করেন শ্যামল ডি’কস্তা। অন্যান্য চরিত্রে অভিনয় করেন অতুল পিউরিফিকেশন, সুবোধ আর্থার রোজারিও, বাবলু থিওফিল রিবেরু, বাবলু ডি’কস্তা (বাবু), শীতল ডমিনিক গোমেজ, বনি লিওনার্ড পালমা, সুকুমার পিউরিফিকেশন, ক্রিস্টোফার গোমেজ, পরিমল ডেসমন্ড গোমেজ, ক্রিস্টোফার রোজারিও, অনিল বার্নার্ড ক্রুশ, মিন্টু রোজারিও, গিলবার্ট ডি’কস্তা, আইরিন পিউরিফিকেশন, চৈতি কোড়াইয়া, দীপিকা গোমেজ, জিনিয়া গনছালভেস, রুবি এম রোজারিও, ডলি রড্রিক্স, সঞ্চিতা ডি’কস্তা, সান্ত্বনা রোজারিও, শাইন ডি’কস্তা, শিরোপা ডি’কস্তা, শ্যারেল ডি’কস্তা, বৃষ্টি গোমেজ ও এরিকা কোরাইয়া।

পালা গান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন সুবাস আব্রাহাম ডি’কস্তা ও শ্যামল ডি’কস্তা। নৈশভোজের মধ্যে দিয়ে পালা গানের সমাপ্তি ঘটে।