মেরিল্যান্ডে ইস্টার সানডে উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্টার সানডের অনুষ্ঠানে ভক্তরা
ইস্টার সানডের অনুষ্ঠানে ভক্তরা

যথাযথ ধর্মীয় মর্যাদায় মেরিল্যান্ডে পালিত হলো ইস্টার সানডে। ওয়াশিংটনের স্থানীয় সময় সকাল ৯টায় সিলভার স্প্রিং শহরের সেন্ট ক্যামিলাস হলে পর্বের বিশেষ খ্রিষ্টযাগ উৎসর্গ করেন ওয়াশিংটন ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ভারতীয় যাজক ফাদার অনিল গনজালভেস।
সেন্ট ক্যামিলাস বাংলা চার্চ কমিটির আয়োজনে পুষ্পারতির মাধ্যমে ফাদার বেদিতে প্রবেশ করেন। খ্রিষ্টযাগের শুরুতে তিনি পবিত্র জলসিঞ্চনের মাধ্যমে সবাইকে বিশেষ আশীর্বাদ করেন।
খ্রিষ্টযাগের উপদেশ বাণীতে তিনি বলেন, ‘আমরা সবাই কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে ছুটে চলেছি। কেউ ছুটেছি পেটের তাগিদে, কেউবা সাফল্যের পেছনে। যিশুখ্রিষ্টের কাছেও সব শ্রেণির মানুষ ছুটে এসেছেন। কেউ আরোগ্য লাভের প্রত্যাশায়, কেউবা আত্মশুদ্ধির জন্য। যিশু এসেছিলেন আমাদের পাপ মোচনের জন্য। তিনি জন্মেছিলেন দরিদ্র বেশে এবং মৃত্যুবরণ করেন মানবের পাপের দায় নিয়ে।’

বিশেষ প্রার্থনা চলে চার্চগুলোতে
বিশেষ প্রার্থনা চলে চার্চগুলোতে

কাঁকন রিবেরুর পরিচালনায় স্থানীয় কয়্যার গ্রুপের অপূর্ব ধর্মীয় গানের মূর্ছনা খ্রিষ্টযাগের ভাব-গাম্ভীর্য বাড়িয়ে তোলে। খ্রিষ্টযাগ শেষে চার্চ কমিটির পক্ষে ধন্যবাদ জ্ঞাপন করেন মলি ক্লারা রোজারিও ও প্রভাতি সিসিলিয়া রোজারিও।
খ্রিষ্টযাগে বিপুলসংখ্যক প্রবাসী বাঙালি খ্রিষ্টান অংশগ্রহণ করেন। অন্যান্য অঙ্গরাজ্য থেকেও অনেকে অংশগ্রহণ করেন। নর্দান ভার্জিনিয়া থেকে এসেছিলেন আর্নল্ড পিন্টু কস্তা। তিনি বলেন, ‘বছরে একবার সবার সঙ্গে মিলিত হয়ে খ্রিষ্টযাগে অংশ নিতে পারি। তাই এত দূর থেকে ছুটে আসি।’ নিউইয়র্ক থেকে সপরিবারে এসেছিলেন লেরি ও শর্মিলা কুইয়া এবং অ্যাঞ্জেল ফ্রেজার পরিবার।
ইস্টারের মূল ধর্মীয় অনুষ্ঠান সাধারণত শুরু হয় বৃহস্পতিবার থেকে। টানা তিন দিনের বিশেষ প্রার্থনা চলে চার্চগুলোতে। ইস্টার শুরুর ৪০ দিন আগে থেকে শুরু হয় উপবাস (রোজা) এবং শেষ হয় ইস্টারের আগের দিন অর্থাৎ শনিবার।