মেরিল্যান্ডে গুলি করে ৩ জনকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাদি লাবিব প্রিন্স (৩৭) নামের এই ব্যক্তিকে খুঁজছে পুলিশ। ছবিটি টুইটার থেকে নেওয়া।
রাদি লাবিব প্রিন্স (৩৭) নামের এই ব্যক্তিকে খুঁজছে পুলিশ। ছবিটি টুইটার থেকে নেওয়া।

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের একটি বাণিজ্যকেন্দ্রে গুলি চালিয়ে তিনজনকে হত্যা করা হয়েছে। আজ বুধবার স্থানীয় সময় সকালে হারফোর্ড কাউন্টিতে এ ঘটনা ঘটে। এ সময় আরও দুজন আহত হন। এ ঘটনায় জড়িত সন্দেহে রাদি লাবিব প্রিন্স নামের এক ব্যক্তিকে খুঁজছে পুলিশ।

সিএনএন জানিয়েছে, এমঅরটন বিজনেস পার্কে এই গোলাগুলির ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ বিভাগ বলেছে, এ ঘটনায় রাদি লাবিব প্রিন্স (৩৭) নামের এক ব্যক্তি জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনাস্থল থেকে ওই ব্যক্তি গাড়ি চালিয়ে পালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। টুইটারে লাবিবের একটি ছবিও প্রকাশ করেছে পুলিশ। মেরিল্যান্ডের শেরিফ বলেছেন, লাবিবের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

ঘটনাস্থল হারফোর্ড কাউন্টির শেরিফ জেফরি গালার বলেন, এজউডের ওই অফিস এলাকায় মোট পাঁচজনের ওপর গুলি চালানো হয়। পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ওই পাঁচ ব্যক্তির সবাই অ্যাডভান্সড গ্রানাইট সলিউশনস নামের একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। হামলাকারী ব্যক্তি এই ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট থাকতে পারেন। তবে তিনি কোন পর্যায়ে সংশ্লিষ্ট ছিলেন, তা জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

আহত দুই ব্যক্তির অবস্থাও আশঙ্কাজনক। বর্তমানে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।

গোলাগুলির ঘটনায় এজউড এলাকার পাঁচটি স্কুল তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। স্কুলগুলোতে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং শিক্ষার্থীদেরও বের হতে দেওয়া হচ্ছে না।