মেরিল্যান্ডে ডুয়াফির আয়োজনে 'জীবনের ছন্দে আনন্দে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়াশিংটন মেট্রো এলাকায় বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ফোরাম ইনকের (ডুয়াফি) আয়োজনে মেরিল্যান্ড অঙ্গরাজ্যের পোটোম্যাকের হার্বার্ট হুভার মিডল স্কুল মিলনায়তনে ৪ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে ‘জীবনের ছন্দে আনন্দে’ শীর্ষক অনুষ্ঠান। আনন্দঘন পরিবেশে চমৎকার আয়োজনে সবার মন ছুঁয়ে গেল অনুষ্ঠানটি। আয়োজনের বাহ্যিক আড়ম্বরের চেয়ে ডুয়াফি পরিবারের মিলনের আনন্দের অনুভূতি ছিল বেশি। সবার হাসি-কলরব আর আড্ডায় মেতে উঠেছিল সন্ধ্যার প্রথম প্রহর। হাতে স্ন্যাক্স এবং স্টাইরো কাপে চায়ের চুমুকে জমে উঠেছিল পুরো সময়টা। শুধু পুরোনো সহপাঠী বা বন্ধু-বান্ধবই নয়, বেশ কিছু নতুন সদস্যের সঙ্গে পরিচিত হওয়ার আনন্দও ছিল ভিন্ন মাত্রার।
ডুয়াফি আয়োজিত আনন্দ সন্ধ্যাটি সাজানো হয়েছিল নাচ-গান আর আবৃত্তি দিয়ে এবং বিশেষ পরিবেশনা ছিল রবীন্দ্রনাথের ছোটগল্প অবলম্বনে ‘দৃষ্টিদান’ নাটকটির মঞ্চায়ন। অনুষ্ঠানর সঞ্চালনায় ছিলেন শতরূপা বড়ুয়া, সঙ্গে ছিলেন তারেক মেহেদি।
অনুষ্ঠানের শুরুতেই ছিল ডুয়াফি পরিবারের সদস্যদের সন্তানদের সাবলীল ও দৃষ্টিনন্দন দলীয় নৃত্য পরিবেশনা সবাইকে মুগ্ধ করে। তারা প্রথমে পরিবেশন করে মণিপুরী নৃত্য। নৃত্যের কোরিওগ্রাফিতে ছিলেন রোজমেরী মিতু গনসালভেস। মনিপুরী নৃত্যে অংশ নেয় লাবিবা, জারা, আশফিহা ও নায়সা। এ ছাড়া রবীন্দ্রসংগীত ‘আনন্দধারা বহিছে ভুবনে’ গানটির সঙ্গে চমৎকার নৃত্য পরিবেশন করে সবাইকে মোহিত করে রণিতা, আরিয়ানা, অমি ও নুহা।
আনন্দ খানের পরিচালনায় ছোট্ট মনিরা পরিবেশন করে ‘টুনাটুনির গল্প’। অংশগ্রহণে ছিল আমিসি, আরিয়ানা, ঈশান, ফাইজান, ফারহান, জেরিন, লাবিবা, লাবীবা, মাধবী, নায়সা, সারিয়া, সাফিয়া, শেরিন, জারা, আহনাফ, নিথিন, হুসেইন, রায়ান, জেসার, রণিতা, আশফিয়া, আলভীরা ও সায়রা। কিবোর্ডে ছিলেন আনন্দ খান, গিটারে ডেভিড রানা, তবলায় প্যাট্রিক গোমেজ ও অক্টোপ্যাডে আরিফুর রহমান স্বপন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল ‘জীবনের ছন্দে আনন্দে’। এ পর্ব শুরুর আগে স্বাগত বক্তৃতা করেন ডুয়াফির প্রেসিডেন্ট সাবরিনা রহমান শর্মী। এ পর্বে ছিল রবীন্দ্রনাথের ‘শেষের কবিতা’। আবৃত্তিতে ছিলেন আনিস আহমেদ ও শাহনাজ ফারুক। তাপস গোমেজের পরিচালনায় ছিল বিশেষ পরিবেশনা ‘প্রকৃতি ও প্রেম’। আবৃত্তি ও গানের যুগল বন্ধনে এক চমৎকার পরিবেশনা ছিল এই পর্বে। এতে অংশ নেন সামিনা আমিন, শান্তনা গোমেজ, তাপস গোমেজ, রুমানা সুমী, ডোরা গোমেজ, সাদিয়া খান জেনী, মোজহারুল হক, আরিফা সুলতানা শম্পা, ব্রিজেট আগাথা গোমেজ, মেরিনা রহমান ও নাহিদ পারভিন। তবলায় ছিলেন পল ফেবিয়ান গোমেজ। আবৃত্তিতে অংশ নেন আতিয়া মাহজাবিন নিতু ও অদিতি সাদিয়া রহমান।
দ্বিতীয় পর্বে আরেকটি পরিবেশনা ছিল ‘সারি গান’। আবহমান বাংলার প্রত্যন্ত অঞ্চলের প্রাণের গান, খেটে-খাওয়া সাধারণ মানুষের জীবন-যাপন, তাদের জীবনের সুখ-দুঃখ, হাসি-কান্নার প্রতিফলন এই সারি গানে। সারি গানে অংশ নেয় শফিকুল ইসলাম, শাহরিয়ার আবছার আবির, ডেনিয়েল কুদ্দুস, খৈয়াম খান, কামরুল মজুমদার, মো. মকবুল আহসান টিটো, রাজিয়া সুলতানা তানিয়া, অ্যান্ড্রু গোমেজ ও শার্মিন চৌধুরী। গানের সঙ্গে অভিনয় পর্বে ছিল নিথিন, হুসেইন, জুহা, লাবিবা, আমিসি, রায়ান ও জসর। তবলায় ছিলেন প্যাট্রিক গোমেজ, অক্টোপ্যাডে আরিফুর রহমান স্বপন, গিটারে ডেভিড রানা ও হারমোনিয়ামে রাজিয়া সুলতানা তানিয়া। ছোট্টদের নৃত্য সমন্বয়ে ছিলেন ইসরাত সুলতানা মিতা।
তৃতীয় ও শেষ পর্বে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘দৃষ্টিদান’ অবলম্বনে নাটক। নাটকের সবার অভিনয় দর্শকশ্রোতার প্রশংসা কুড়ায়। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন নুসরাত শফিক সোমা। নাটকে মুখ্য ভূমিকায় (কুমুদিনী) অভিনয় করেন রবীন্দ্র সংগীত শিল্পী ডরোথী বোস। প্রথমবারের মতো অভিনয় করে নজর কাড়েন দর্শকদের। এ ছাড়া অবিনাশ চরিত্রে নাজমুল হক রনি, দাদার চরিত্রে তৌফিক হাসান, হেমাঙ্গিনীর চরিত্রে রাহাত ই আফজা, পিসিমার চরিত্রে মেরিনা রহমান, ক্ষেমির মায়ের চরিত্রে-শারমিন চৌধুরী, মাসির চরিত্রে মিতা চক্রবর্তী অভিনয় করেন। এ ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেন শাহেদুজ্জামান, আরিফুর রহমান, হোসেইন, নিথিন, জুহু, রন। সংগীতে ছিলেন ডরোথী বোস। এ ছাড়া অডিও-ভিডিওয় ছিলেন শফিকুল ইসলাম, উপদেষ্টা অনুতোশ সাহা, ধারা বর্ণনায় তৌফিক হাসান ও সাদিয়া খান জেনী।
অবশেষে নৈশভোজের মাধ্যমে শেষ হয় ‘জীবনের ছন্দে আনন্দে’ অনুষ্ঠানের। ব্যস্ত জীবনের অনাকাঙ্ক্ষিত ও অপ্রতিরোধ্য গতির মাঝেও আমাদের সবার অন্তরের গভীরে নীরবে নিভৃতে নাড়া দিয়ে যায় আমাদের মাতৃভূমির মায়া, আমাদের সংস্কৃতির ছোঁয়া ও নির্মল আনন্দের ব্যঞ্জনা। ডুয়াফি পরিবারের এমনি নান্দনিক আয়োজন অব্যাহত থাক আগামী সময়ের পথ ধরে, যাতে আমরা সিক্ত হতে পারি আমার প্রাণপ্রিয় বাংলা সংস্কৃতির আনন্দস্নানে।