মেরিল্যান্ডে বাংলা ব্যান্ড বিদ্রোহের কনসার্ট
মেরিল্যান্ডের সিলভার স্প্রিং শহরের রসকো আর নিক্স এলিমেন্টারি স্কুল মিলনায়তনে হয়ে গেল বাংলা ব্যান্ড বিদ্রোহের আয়োজনে জমজমাট কনসার্ট। বিদ্রোহ ছাড়াও ২৬ মে আয়োজিত এ কনসার্টে অংশ নেয় আরেক বাংলা ব্যান্ড বেসিক লাভ অ্যাফেয়ার।
প্রণয় গোমেজ ও যোয়ান পলা রোজারিওর উপস্থাপনায় কনসার্টে একক সংগীত পরিবেশন করেন নর্থ ক্যারোলাইনা থেকে আগত শিল্পী চঞ্চল গোমেজ। তিনি বেশ কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করেন। পরে মঞ্চে আসেন বেসিক লাভ অ্যাফেয়ারের ভোকালিস্ট এলভিস গোমেজ, ড্রামার চপল গোমেজ, লিড গিটারিস্ট প্রিসলি রোজারিও ও বেস গিটারিস্ট ডিজে প্যাট্রিক গোমেজ। এলভিস গোমেজ পরিবেশন করেন ‘বাংলাদেশ বাংলাদেশ’, ‘শ্রাবণের মেঘগুলো’, ‘বৃষ্টি আমি অনেক কেঁদেছি’, ‘চাঁদ-তারা-সূর্য নও তুমি’সহ বেশ কয়েকটি জনপ্রিয় গান।
বেসিক-এর পর মঞ্চে আসেন বিদ্রোহের ভোকালিস্ট পিয়াল রিচার্ড রোজারিও, বেস গিটারিস্ট লেরি গোমেজ, লিড গিটারিস্ট সান্দ্রা ও ড্রামার ভিনসেন্ট ভিন গোমেজ। তাঁরা বর্তমান সময়ের জনপ্রিয় কিছু ব্যান্ডের গান পরিবেশন করে দর্শকদের নাচে-গানে মাতিয়ে রাখেন।
কনসার্টের গ্র্যান্ড স্পনসর ছিলেন ঋণ কর্মকর্তা তৌফিক মতিন ও রিয়েলটর আলবার্ট গোমেজ। অনুষ্ঠানে সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন স্ট্যালিন লাহিড়ী ও জিম রোজারিও। এ ছাড়া বিভিন্ন দায়িত্বে ছিলেন এন্ড্রি ক্রুশ, মিন্টু গোমেজ, ডেরিক রড্রিক্স, ব্রায়েন পিরিজ, সোনিয়া বটলেরও, লাবণ্য রড্রিক্স সহ আরও অনেকে। গণমাধ্যম সহযোগী হিসেবে ছিল এনআরবি কানেক্ট টিভি ও মো. আরিফুল ইসলাম।