মেরিল্যান্ডে বাংলাদেশিদের জয়জয়কার
দেখে এলাম মেরিল্যান্ড অঙ্গরাজ্যের একাংশের আধুনিক কালের হালচাল। পনেরো বছর আগেও যে রাজ্যের পরিচয় ছিল আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসির পাশের রাজ্য হিসেবে। অধিকাংশ বাংলাদেশি অভিবাসী সে সময় নানা সরকারি-আধা সরকারি প্রতিষ্ঠানে কাজ করে পরিবার চালাতেন।
পরে এই রাজ্যে যুক্ত হলো বিভিন্ন সেবা প্রতিষ্ঠান যেমন হোটেল মোটেলসহ রেস্টুরেন্টের কাজ। পাশাপাশি কেউবা আবার কাজ করতে শুরু করলেন হাসপাতাল অথবা নার্সিংহোমে। এবার সেখানে গিয়ে চোখে পড়ল বাংলাদেশি অভিবাসীদের আধিক্য। সরকারি হিসাবে, মেরিল্যান্ড অঙ্গরাজ্যের মোট অভিবাসীর সংখ্যা এখন ১৫ বছর আগের তুলনায় দ্বিগুণের বেশি। শুধু তাই নয়, জানা গেল, অনেক অভিবাসীর ঈর্ষণীয় সাফল্যের গল্প। যারা সময় ও সুযোগকে কাজে লাগিয়ে স্ব স্ব ক্ষেত্রে এক একজন সফল আমেরিকান নাগরিক।
মাত্র কয়েক বছর পেছনে গেলে পাওয়া যায় এই রাজ্যে হাতে গোনা কয়েকটি পরিবারের বসতি শুরুর ইতিহাস। আজ সেই মেরিল্যান্ড বদলে যেতে শুরু করেছে। সর্বত্র বাংলাদেশি অভিবাসীদের জয়জয়কার। পাশের ভার্জিনিয়া রাজ্যে বাংলাদেশিদের অবস্থান আগে থেকেই সংহত। সেখানেও নানা ব্যবসা-বাণিজ্যে বাংলাদেশি অভিবাসীদের শক্ত অবস্থান।
বিশ শতকের শেষ দিকে ওপি-ওয়ানে বিজয়ীদের একটি বড় অংশ ম্যারিল্যান্ডে এসে বসবাস করতে শুরু করেন, যাদের অনেকই আজ পুরোদমে প্রতিষ্ঠিত। বিশেষ করে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত পরিশ্রমীদের নিরলস প্রচেষ্টায় সমাজের মূলস্রোতে আজ পুরো সম্পর্কিত। কারও কারও সন্তান রাজ্যের নামকরা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে আমেরিকার নামকরা কোম্পানি বা সরকারের গুরুত্বপূর্ণ পদে কর্মরত।
সেই সাফল্যের ধারাবাহিকতায় ২০০০ সালের পর এসে যোগ দিলেন ডিভি-ওয়ান জয়ী আরও কিছু বাংলাদেশি অভিবাসী। সে সব সাফল্যের কাহিনি জানতে পরিচিত হলাম দুটি পরিবারের সঙ্গে। যাদের একজন জাহেদুল হক ও তাঁর স্ত্রী সনি হক।
রংপুর শহরের অধিবাসী জাহেদুল দেশে একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন। জীবনের ভালো মন্দ খুব কাছে থেকেই দেখেছেন। বেশ কয়েক ভাইবোনসহ বড় পরিবারের দায়িত্ব চ্যালেঞ্জ হিসাবে নিজ কাঁধে নিয়েছিলেন দেশে থাকতে। কথায় কথায় জানালেন দেশে থাকতে চেষ্টা করতেন কাজের প্রতি আপসহীন ও নিষ্ঠাবান থাকতে। পরিবারের প্রতিটি চাওয়া-পাওয়া ভালোভাবে পূরণ করার চেষ্টা করতেন। ডিভি
ওয়ান জয়ী হওয়ার মধ্য দিয়ে নতুন অভিবাসী হিসেবে আমেরিকায় এলেন ২০০৬ সালে। সঙ্গে সন্তানসম্ভবা স্ত্রী।
মেরিল্যান্ডে আসার পর প্রথম কাজ সাবওয়ে রেস্টুরেন্টে। তারপর একে একে কাজ করেছেন হাসপাতাল ও পিৎজা রেস্টুরেন্টে। দুই প্রতিষ্ঠানে কাজ করার ফাঁকে ফাঁকে আইটিতে প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। দুটি প্রতিষ্ঠানে একসঙ্গে কাজ করে আইটিতে প্রশিক্ষণ নিয়ে হলেন প্রোগ্রামার। অনেক প্রচেষ্টার পর সফল প্রোগ্রামার হিসাবে চাকরি নিলেন সরকারি প্রতিষ্ঠানে।
এদিকে জাহেদুলের স্ত্রী সনি হকও বসে নেই। বর্তমানে তিন সন্তানের মা অতিথিপরায়ণ, বাবা-মায়ের প্রতি কর্তব্যপরায়ণ সনি হক নিজেও কাজ করেছেন একাধিক প্রতিষ্ঠানে। দুজনের মিলিত প্রচেষ্টায় প্রথমে মাথা গোঁজার ঠাঁই করলেন মেরিল্যান্ড অঙ্গরাজ্যের অভিজাত জার্মান টাউন এলাকায়। তারপরই প্রায় বছর খানিকের চেষ্টার পর শুরু করলেন বিখ্যাত ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠান আমেরিকান বেস্ট উইংস-এর একটি আধুনিক শপ।
বর্তমানে এই ব্যস্ততম প্রতিষ্ঠানের দেখাশোনা করছেন সনি হক। পাশাপাশি স্বামী জাহেদুল হক সরকারি প্রতিষ্ঠানের আইটি বিভাগে কাজ করেও স্ত্রীকে যথাসম্ভব সহায়তা করছেন। এই তরুণ সফল দম্পতি প্রমাণ করলেন আমেরিকায় সফল হতে হলে প্রথমে প্রয়োজন একাগ্রতা ও কাজের প্রতি শ্রদ্ধাবোধ। আর এর সঙ্গে কিছু একটা ভালো জিনিস করার আকাঙ্ক্ষা থাকতে হবে।