মেরিল্যান্ডে সংবাদপত্র ভবনে গুলিতে নিহত ৫

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে দ্য ক্যাপিটাল গেজেট নামের একটি সংবাদপত্র ভবনে গুলিতে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।
তাৎক্ষণিকভাবে হামলাকারীর নাম পরিচয় জানা যায়নি। তবে সন্দেহজনক হামলাকারীকে আটক করা হয়েছে। স্থানীয় পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে।
এলোপাতাড়ি গুলিতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে। তাঁদের কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। উদ্ধারকাজ এখনো চলছে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে বলে মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি অনলাইনে বলা হয়েছে।
হামলায় আহত এক ব্যক্তি জানান, বন্দুকধারী এক ব্যক্তি কাচের দরজার বাইরে থেকেই গুলি চালাতে থাকেন। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন নিহত হন।
১৮৮৪ সালে চালু হওয়া পত্রিকাটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরোনো পত্রিকাগুলোর একটি।
হামলার শিকার ব্যক্তি ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।