মেরিল্যান্ডের স্কুলেও ঈদের ছুটি
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের পর এবার মেরিল্যান্ডের মন্টগোমারি স্কুল ডিস্ট্রিক্ট সেখানকার সরকারি স্কুলগুলোতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পূর্ণ ছুটি পালনের সিদ্ধান্ত নিয়েছে। গত সপ্তাহে এ শহরের শিক্ষা বোর্ড ৬-২ ভোটে এই সিদ্ধান্ত গ্রহণ করে।
রাজধানী ওয়াশিংটন ডিসির কাছে মন্টগোমারি কাউন্টিতে উল্লেখযোগ্য সংখ্যক মুসলমানের বাস। তাঁরা দীর্ঘদিন থেকেই মুসলিমদের দুই প্রধান উৎসব পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির দাবি জানিয়ে আসছিলেন।
স্কুল বোর্ড অবশ্য দুই দিনের বদলে এক দিন অর্থাৎ ঈদুল আজহার দিনটি সরকারি ছুটি হিসেবে গ্রহণের সিদ্ধান্ত নেয়। স্থানীয় মুসলমান অভিবাসী যাঁদের এক উল্লেখযোগ্য অংশ বাংলাদেশ থেকে এসেছেন, তাঁরা এ সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন।
গত দুই বছরে যুক্তরাষ্ট্রের ছোট-বড় বিভিন্ন শহরে পবিত্র ঈদ উপলক্ষে সরকারি স্কুলগুলোতে পূর্ণ ছুটির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ম্যাসাচুসেটস, ভারমন্ট, নিউ জার্সি ও মিশিগান অন্যতম। এই তালিকায় এ বছর নিউইয়র্ক সিটি যুক্ত হয়।