মেরী জোবায়দাকে বিজয়ী করতে সহযোগিতার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন  নিউইয়র্ক স্টেটের অ্যাসেম্বলিওমেন পদপ্রার্থী মেরী জোবায়দা
তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন নিউইয়র্ক স্টেটের অ্যাসেম্বলিওমেন পদপ্রার্থী মেরী জোবায়দা

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে বাংলাদেশি-আমেরিকান প্রতিনিধি পাঠানোর প্রত্যয়ের মধ্য দিয়ে অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৭ (কুইন্স)-এর ডেমোক্র্যাট প্রাইমারি প্রার্থী মেরী জোবায়দার তহবিল সংগ্রহ ডিনার অনুষ্ঠিত হয়েছে। ২২ ডিসেম্বর বাঙালি অধ্যুষিত ব্রঙ্কসের একটি পার্টি হলে বাংলাদেশি কমিউনিটির ব্যানারে এই তহবিল সংগ্রহ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাত হাজার ডলারেরও বেশি তহবিল সংগ্রহ হয়েছে।

তহবিল সংগ্রহ ডিনারে আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠেয় ডেমোক্রেটিক দলীয় প্রাইমারি নির্বাচনে অ্যাসেম্বলিওমেন প্রার্থী মেরী জোবায়দাকে নিউইয়র্ক স্টেটের প্রথম বাংলাদেশি-আমেরিকান অ্যাসেম্বলিওমেন হিসেবে নির্বাচিত করার আহ্বান জানানো হয়।

তহবিল সংগ্রহ কমিটির আহ্বায়ক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সাংবাদিক আশরাফুল হাসান বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে মেরী জোবায়দা ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—কমিটির প্রধান সমন্বয়কারী আবদুস শহীদ, সদস্যসচিব আবদুল হাসিব হাসনু, যুগ্ম আহ্বায়ক এ ইসলাম মামুন, মনজুর চৌধুরী, তৌফিকুর রহমান ও আহবাব চৌধুরী, কো-অর্ডিনেটর মো. শামীম মিয়া, জামাল হোসাইন ও মো. জাকের সামাদ, যুগ্ম সদস্যসচিব শাহেদ আহমেদ, মোজাফফর হোসেন, মো. হেলাল উদ্দিন ও শামীম আহমেদ, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি সোলায়মান ভূঁইয়া, মামুনস টিউটোরিয়ালের প্রিন্সিপাল শেখ আল মামুন ও ডিরেক্টর নাহিদ খান, খলিল বিরিয়ানি হাউসের স্বত্বাধিকারী মো. খলিলুর রহমান, বাফার প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন, বাংলাদেশি-আমেরিকান উইমেন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রেক্সোনা মজুমদার, রায়হান উল্লাহ, বাংলা পত্রিকার বার্তা সম্পাদক হাবিবুর রহমান, জালাল চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন বাংলাবাজার জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া। অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। মেরী জোবায়দা তাঁর সমর্থনে আয়োজিত এ তহবিল সংগ্রহ ডিনারে বাংলাদেশি কমিউনিটিসহ সবার সার্বিক সহযোগিতা কামনা করেন। তাঁকে সমর্থনের জন্য তিনি বাংলাদেশি কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বাংলাদেশি কমিউনিটিসহ অভিবাসীদের বিভিন্ন দাবি আদায়ে তিনি সদা সোচ্চার থাকবেন। কমিউনিটির উন্নয়ন ও অধিকার আদায়ে কাজ করবেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে এ গুরুত্বপূর্ণ নির্বাচনে মেরী জোবায়দার পাশে দাঁড়াতে হবে। নিশ্চিত করতে হবে তাঁর বিজয়। নির্বাচিত হলে তিনি স্টেট অ্যাসেম্বলিতে বাংলাদেশি প্রতিনিধি হিসেবে কমিউনিটির অধিকার আদায়ে জোরালো ভূমিকা রাখবেন। সভাপতির বক্তব্যে গিয়াস উদ্দিন বলেন, বিগত নির্বাচনে বাংলাদেশিদের ভোট ও সমর্থনে অনেকেই বিজয়ী হয়েছেন। সময় এসেছে বাংলাদেশিদের নিজস্ব প্রতিনিধি নির্বাচনের। বাংলাদেশি একজন বিজয়ী হলে কমিউনিটির সত্যিকার উন্নয়নে কাজ করতে পারবেন। বাংলাদেশিদের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা রাখতে পারবেন। তাই নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৭-এ অ্যাসেম্বলি মেম্বার পদে মেরী জোবায়দাকে বিজয়ী করতে হবে। বাংলাদেশিরা এক জোট হলে তাঁকে বিজয়ী করা অবশ্যই সম্ভব। এ জন্য প্রয়োজন সবার সহযোগিতা।

আওয়ার প্রগ্রেসিভ, ফিউচার অ্যান্ড্রোসেস-এ স্লোগানকে সামনে নিয়ে নিউইয়র্ক স্টেট ডিস্ট্রিক্ট ৩৭-কুইন্স (লং আইল্যান্ড সিটি, এস্টোরিয়া, সানিসাইড, উডসাইড, মাসপ্যাথ ও রিজউড) থেকে অ্যাসেম্বলিওমেন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মেরী জোবায়দা। নিউইয়র্ক স্টেট ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচন আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিত হবে।