মেলানিয়া আজ বাইরে আসছেন

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ বাইরে আসছেন। পলিটিকোডটকম জানিয়েছে বিকেল সাড়ে ৫টায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি গোল্ড স্টার পরিবারগুলোর জন্য যৌথভাবে একটি অনুষ্ঠান আয়োজন করছেন।
মেলানিয়া এর আগে শেষ প্রকাশ্যে এসেছিলেন ১০ মে সকালে। সেদিন প্রেসিডেন্ট ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং সেকেন্ড লেডি কারেন পেন্সের সঙ্গে তিনি মিলিতভাবে উত্তর কোরিয়া থেকে সদ্যমুক্ত তিন আমেরিকানকে অভ্যর্থনা জানান। চার দিন পর ঘোষণা করা হয় তাঁকে একটি ‘সুপ্ত কিডনি সমস্যা’র চিকিৎসার জন্য ওয়াল্টার রিড মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। পাঁচ দিন পর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
মেলানিয়া ট্রাম্পের অনুপস্থিতি মিডিয়ায় জল্পনা এবং অনলাইনে চক্রান্ত তত্ত্বেরও জন্ম দেয়।
এসব গুঞ্জনের অবসানে মেলানিয়া নিজেই ৩০ মে তাঁর সরকারি @FLOTUS টুইটার অ্যাকাউন্ট লেখেন, ‘আমি দেখতে পাচ্ছি আমি কোথায় আছি, কী করছি এসব নিয়ে মিডিয়ার মাথাব্যথার শেষ নেই। নিশ্চিত থাকুন, আমি হোয়াইট হাউসেই আছি আমার পরিবার সঙ্গে, চমৎকার বোধ করছি এবং ছেলেমেয়ে ও আমেরিকান জনগণের জন্য কাজ করছি।’
মিডিয়াকে মৃদু তিরস্কার করে তাঁর বক্তব্য ছাড়া, হোয়াইট হাউস মেলানিয়ার অবস্থার ব্যাপারে একরকম নীরবই থাকছে।
গোল্ড স্টার পরিবারগুলো হচ্ছে যুদ্ধে নিহত মার্কিন সেনাদের আত্মীয়স্বজন।