মেলানিয়ার ইংরেজি নিয়ে বিজ্ঞাপন, অতঃপর...

অল্প বিদ্যা তো ভয়ংকরী। কিন্তু অল্প ইংরেজি জানা! ভাবতে পারেন, অল্প ইংরেজি জেনে আর কী-ই বা হওয়া যেতে পারে। কিন্তু এই ভাবনার উল্টো ধারণা দিয়েছে ক্রোয়েশিয়ার ইংরেজি ভাষা শিক্ষার একটি স্কুল। রীতিমতো বড় বিলবোর্ডে বিজ্ঞাপন দিয়ে তারা বুঝিয়ে দিয়েছে—ইংরেজি অল্প জেনেও আপনি মেলানিয়া ট্রাম্পের মতো যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি হতে পারেন। তবে এই বিজ্ঞাপনে বেজায় চটেছেন ফার্স্ট লেডি।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ক্রোয়েশিয়ার আমেরিকা ইনস্টিটিউট নামে ইংরেজি ভাষা শিক্ষার একটি স্কুল বিলবোর্ডে বিজ্ঞাপনটি দিয়েছে। গত সপ্তাহে দেশটির রাজধানী জাগরেবে বিজ্ঞাপনটি দেখা যায়।
ওই বিজ্ঞাপনের শুরুতে স্লোগান লেখা, ‘অল্প ইংরেজি জেনে আপনি কত দূর যেতে পারেন কল্পনা করুন’। এর পাশেই মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের ছবি দেওয়া আছে। ছবিতে একটি মাইক্রোফোনের সামনে মেলানিয়াকে স্পষ্ট দেখা যায়। না জানিয়ে মেলানিয়ার ছবি ব্যবহার করায় বিজ্ঞাপন সংশ্লিষ্ট সবাইকে আদালতে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন ফার্স্ট লেডির আইনজীবী।
মেলানিয়ার আইনজীবী নাতাশা বলেছেন, কোনো ধরনের অনুমতি ছাড়াই ওই বিজ্ঞাপনে মেলানিয়ার ছবি ব্যবহার করা হয়েছে। তিনি ওই বিজ্ঞাপনের বিলবোর্ড সরাতে ২৪ ঘণ্টার সময় দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
প্রতিবেদনে বলা হয়, আইনজীবীর নোটিশ পাওয়ার পর ওই স্কুল কর্তৃপক্ষ বিলবোর্ড ও তাদের ফেসবুক পেজ থেকে বিজ্ঞাপনটি সরিয়ে নিয়েছে।

আমেরিকা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ব্রেট ক্যাম্পবেল বলেন, আন্তর্জাতিক সফলতা লাভের জন্য জ্ঞানের পরিধি কতটুকু দরকার বিজ্ঞাপনটি দিয়ে মূলত তাই বোঝানোর চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, ‘আপনি ইংরেজি ভাষাটা ভালো করে বলতে পারলে এই বাজারে অনেক দূর এগোতে পারবেন। আর এতে আমরা সাহায্য করব।’
প্রতিবেদনে বলা হয়, মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া এর আগেও ছবি নিয়ে ঝামেলায় পড়েছিলেন। মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে মেলানিয়াই প্রথম, যার নগ্ন ছবি প্রকাশিত হয় সাময়িকীতে। ২০০০ সালে জিকিউ সাময়িকীতে অন্য অনেকের সঙ্গে মেলানিয়ার নগ্ন ছবি ছাপা হয়।
মেলানিয়া যুক্তরাষ্ট্রের প্রথম ফার্স্ট লেডি, যার মাতৃভাষা ইংরেজি নয়। মেলানিয়ার জন্ম স্লোভেনিয়ায়। মেলানিয়া স্লোভেনিয়, ইংরেজি, ফরাসি, জার্মান ও সার্বীয় ভাষা জানেন।