মেলানিয়ার সবুজ পোশাকে নাজেহাল রিপাবলিকানরা
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুর্ভাগ্যই বলতে হবে। হতাশা প্রকাশ করতে পারেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও। কে ভেবেছিল যে, দলীয় কনভেনশনে ফার্স্ট লেডির পোশাকের রং বাছাই এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কিন্তু এখন আর কিছুই করার নেই। যা হওয়ার হয়ে গেছে। রিপাবলিকান দলের নেতারা এখন বড়জোর হাত কামড়াতে পারেন।
রিপাবলিকান দলের জাতীয় কনভেনশনের শেষ দিন ছিল গতকাল বৃহস্পতিবার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বক্তব্য দেবেন। হোয়াইট হাউসের পোডিয়ামে যাবেন দলের আনুষ্ঠানিক মনোনয়ন নিতে। সঙ্গী হবেন ফার্স্ট লেডি। এটাই রেওয়াজ। রেওয়াজ অনুযায়ী বেরিয়ে এলেন মেলানিয়া ট্রাম্প। পরনে উজ্জ্বল সবুজ পোশাক। সঙ্গে লাল কোমরবন্ধনী। আর যায় কোথায় যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বের ছবি ও ভিডিও সম্পাদক দলের জন্য এর চেয়ে লোভনীয় ক্যানভাস আর কী হতে পারে! ফলে মেলানিয়ার পোশাকটিই হয়ে উঠল সেই ক্যানভাস, যেখানে উঠে এল ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনসহ নানা বিষয়, যেগুলো আড়াল করার চেষ্টা ছিল পুরো রিপাবলিকান কনভেনশনে।
একটু ব্যাখ্যা করা যাক। আধুনিক কালে স্থির বা চলচ্চিত্রে যেসব স্পেশাল ইফেক্ট দেখা যায়, তার মূলে রয়েছে দুটি রং—নীল ও সবুজ। এ দুটি রং মানুষের গায়ের রঙের চেয়ে একেবারেই আলাদা হওয়ায় খুব সহজেই এগুলোকে সরিয়ে দেওয়া যায়। ছবি বা ভিডিও সম্পাদকেরা কাজটি অত্যন্ত দক্ষতার সঙ্গে করতে পারেন। ধরা যাক, সুপারম্যানের কথা। পেছনে নীল বা সবুজ রঙের একটি পশ্চাদপট (ব্যাকগ্রাউন্ড) রেখে দড়ি বা এমন কিছু দিয়ে তাকে শূন্যে ঝুলিয়ে রাখা হলো। এক পাশ থেকে দেওয়া হলো তীব্র বাতাসের প্রবাহ। চুলগুলো উড়ছে। সুপারম্যান চরিত্রটি তাঁর এক হাত সামনে রেখে ওড়ার অভিনয় করে গেলেন মিনিট দুই। ব্যস আকাশভ্রমণ হয়ে গেল। শুটিং শেষ। এবার কাজটি ভিডিও সম্পাদকের। তিনি ওই পেছনের পশ্চাৎপটটি সরিয়ে সেখানে দিয়ে দিলেন দালান-কোঠা কিংবা গ্রহ-নক্ষত্রের চলমান ছবি। দর্শক দেখবে সুপারম্যান বাড়ি ঘরের ওপর দিয়ে আকাশে কিংবা আকাশ ছাড়িয়ে নক্ষত্ররাজির দেশে উড়ে বেড়াচ্ছে।
ঠিক এই কাজটিই করেছেন ছবি ও ভিডিও সম্পাদকেরা। মেলানিয়া ট্রাম্প বলা যায় একেবারে মুফতেই তাঁদের হাতে তুলে দিলেন বড় অস্ত্র। ফলে রিপাবলিকান কনভেনশনের শেষ দিন সেই সব বিষয় প্রকাশ পেয়ে গেল, যা চার দিন ধরে দলটির নেতারা আড়াল করতে চেয়েছিলেন। মেলানিয়ার সবুজ পোশাক নিমেষে উধাও হয়ে গেল। সেখানে দেখা গেল কখনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেনের ছবি। পোডিয়ামে দাঁড়ানো ডোনাল্ড ট্রাম্পের পাশেই দেখা গেল করোনাভাইরাসের ছবি-সংবলিত পোশাক পরিহিত মেলানিয়া ট্রাম্পকে। টুইটার-ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলো সয়লাব হয়ে গেল এ ধরনের ছবি ও ভিডিওতে।
মার্কিন নাগরিক পার্কার মলয় যেমন মেলানিয়ার সবুজ পোশাকটিকে ব্যবহার করেছেন কোভিড-১৯ মহামারিতে যুক্তরাষ্ট্রের দুর্দশার চিত্র তুলে ধরতে। সবুজ ক্যানভাসটিতে তিনি এই মহাদুর্যোগকালে যুক্তরাষ্ট্রে আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরেছেন, রিপাবলিকান নেতারা যা এড়িয়ে যেতে চেয়েছেন পুরো কনভেনশনে।দ্য লিংকন প্রোজেক্ট নামের এক টুইটার ব্যবহারকারী মেলানিয়া ট্রাম্পের সবুজ পোশাককে বেছে নিয়েছেন ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের সত্যটা প্রকাশের জন্য। রিপাবলিকান কনভেনশনের চার দিনে এই সত্যটি আড়ালের সবচেয়ে বেশি চেষ্টা করা হয়েছে। রিপাবলিকান দল সিনেটে নিজেদের একমাত্র কৃষ্ণাঙ্গ সদস্যকে হাজির করে দেখাতে চেয়েছিল বর্ণবাদের অভিযোগটি ভিত্তিহীন। কনভেনশনে জর্জ ফ্লয়েডের নাম উচ্চারিত হলেও একবারের পুলিশের গুলিতে তাঁর নিহত হওয়ার বিষয়টি নিয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য রাখা হয়নি। উল্টো ডোনাল্ড ট্রাম্পকে ত্রাতা হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। কিন্তু সবুজ পোশাক পরিহিত মেলানিয়া ট্রাম্প সত্যটিকে ঠিকই সামনে নিয়ে এলেন।
দ্য লিংকন প্রোজেক্ট নামের এক টুইটার ব্যবহারকারী মেলানিয়া ট্রাম্পের সবুজ পোশাককে বেছে নিয়েছেন ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের সত্যটা প্রকাশের জন্য। রিপাবলিকান কনভেনশনের চার দিনে এই সত্যটি আড়ালের সবচেয়ে বেশি চেষ্টা করা হয়েছে। রিপাবলিকান দল সিনেটে নিজেদের একমাত্র কৃষ্ণাঙ্গ সদস্যকে হাজির করে দেখাতে চেয়েছিল বর্ণবাদের অভিযোগটি ভিত্তিহীন। কনভেনশনে জর্জ ফ্লয়েডের নাম উচ্চারিত হলেও একবারের পুলিশের গুলিতে তাঁর নিহত হওয়ার বিষয়টি নিয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য রাখা হয়নি। উল্টো ডোনাল্ড ট্রাম্পকে ত্রাতা হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। কিন্তু সবুজ পোশাক পরিহিত মেলানিয়া ট্রাম্প সত্যটিকে ঠিকই সামনে নিয়ে এলেন।
মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডের প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ রানি এলিজাবেথ একবার এমন সবুজ পোশাক পরে বিপত্তিতে পড়েছিলেন। সেই উদাহরণ সামনে থাকা সত্ত্বেও মেলানিয়া কী করে এমন পোশাক পরে কনভেনশনের মতো একটি গুরুত্বপূর্ণ ইভেন্টে এলেন—এ প্রশ্ন এখন অনেকেই তুলছেন। অনেকে বলছেন, মেলানিয়া হয়তো ইচ্ছা করেই এমন পোশাক বেছে নিয়েছেন।
এ বিষয়ে মেলানিয়া ট্রাম্পের কার্যালয়ের বক্তব্য জানতে চেয়েও কোনো প্রত্যুত্তর পায়নি মার্কিন সংবাদমাধ্যম হাফিংটন পোস্ট। তবে বক্তব্য যা-ই হোক না কেন, যা হওয়ার হয়ে গেছে। ডেমোক্রেটিক দল নিশ্চয় বিষয়টি বেশ উপভোগ করছে। বিপরীত দলের কনভেনশনে উপস্থিত থেকে তাঁদের বিরুদ্ধে আনা ‘ভোট চুরির চেষ্টা’, ‘বিভাজন সৃষ্টির চেষ্টা’ ইত্যাদি ভিত্তিহীন অভিযোগের উত্তর দেওয়া ডেমোক্রেটিক দলের পক্ষে সম্ভব ছিল না। এ অবস্থায় তাঁরা নিশ্চিতভাবেই ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকেই নিজেদের ত্রাতা মানবেন।