মোদি ও নওয়াজকে ওয়াশিংটনে আমন্ত্রণ ওবামার
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে আগামী মার্চে ওয়াশিংটনে অনুষ্ঠেয় পরমাণু নিরাপত্তা সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। এতে ওই সম্মেলনের পাশাপাশি নতুন বছরে প্রথম বৈঠকে বসার সুযোগ পাবেন দক্ষিণ এশিয়ার প্রতিদ্বন্দ্বী দুই দেশের প্রধানমন্ত্রী। খবর এএনআইয়ের।
আগামী বছরের ৩১ মার্চ থেকে ১ এপ্রিল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পরমাণু নিরাপত্তা সম্মেলন হওয়ার কথা রয়েছে। পাকিস্তানের পত্রিকা এক্সপ্রেস ট্রিবিউন মোদি ও নওয়াজকে ওবামার আমন্ত্রণের খবর দিয়ে বলেছে, এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এর আগে ভারতের প্রভাবশালী গণমাধ্যম প্রতিষ্ঠান দ্য হিন্দু ও এনডিটিভিও দুই নেতাকে ওবামার আমন্ত্রণের খবর প্রচার করে। মোদির ২৫ ডিসেম্বরের আকস্মিক পাকিস্তান সফরের রেশ না কাটতেই এ খবর পাওয়া যায়।
মনে করা হচ্ছে, মার্কিন আমন্ত্রণের আনুষ্ঠানিক ঘোষণা না এলেও মোদি ও নওয়াজের ওয়াশিংটন সম্মেলনে অংশ নেওয়ার বিষয়টা অনেকটাই নিশ্চিত। আর তা হলে এই সফরের মধ্য দিয়ে ২০১৬ সালে প্রথমবারের মতো বৈঠকে বসার সুযোগ পাবেন তাঁরা।
আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি দুই দেশে পররাষ্ট্রসচিব পর্যায়ে আলোচনা হবে বলে কথা রয়েছে।
বিশ্লেষকেরা বলছেন, বিদায়ী বছরে সীমান্ত সংঘাত ও সন্ত্রাসী ঘটনাসহ অনেক সমস্যা হওয়া সত্ত্বেও ভারত-পাকিস্তান সম্পর্কের বরফ অনেকটা গলেছে। ২৫ ডিসেম্বর নওয়াজ শরিফের জন্মদিনে মস্কো থেকে কাবুল হয়ে ফেরার পথে হঠাৎ করেই লাহোরে যান ভারতের প্রধানমন্ত্রী। তাঁর এ সফর দুই পক্ষেই মূলত ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। আগামী মার্চের সম্ভাব্য সাক্ষাৎ তাদের ‘উষ্ণ’ আলোচনার অগ্রগতি পর্যালোচনার সুযোগ করে দেবে বলে ধারণা করা হচ্ছে।
নিরাপত্তার ঝুঁকি ছিল: এদিকে ভারতের প্রভাবশালী পত্রিকা দ্য হিন্দু জানায়, ভারত-পাকিস্তান সম্পর্কের বরফ গলা নিয়ে এখন যতই ভালো কথা বলা হোক না কেন, মোদির আকস্মিক পাকিস্তান সফরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন কয়েকজন নিরাপত্তা বিশ্লেষক। সাবেক এক প্রটোকল কর্মকর্তা বলেন, মোদির লাহোর সফরের কোনো কিছুই নিয়মের সঙ্গে যায় না। ওই বিশ্লেষকেরা ১৯৮৭ সালে শ্রীলঙ্কায় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে গার্ড অব অনার দেওয়ার সময় এক সেনার রাইফেলের বাঁট দিয়ে আঘাত করার কথা স্মরণ করেন।
শ্রীলঙ্কায় নিযুক্ত ভারতের শান্তিরক্ষা বাহিনীর সাবেক সদস্য মেজর জেনারেল (অব.) অশোক কে মেহতা বলেন, ‘এটা খুবই অদ্ভুত। তাঁকে (নরেন্দ্র মোদি) নওয়াজ শরিফের সঙ্গে লালগালিচায় হেঁটে যেতে দেখার সময় রাজীব গান্ধীর ঘটনার কথাই আমার স্মরণে এসেছে।’ আরেক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার গুরমিত কানওয়াল বলেন, যদিও মোদিকে অভ্যর্থনার আয়োজন তাড়াহুড়ো করে করা, তবু বেয়নেটের ব্যবহার সেখানে এড়ানো যেত।