মোদির যুক্তরাষ্ট্র সফর শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলিঙ্গনে আবদ্ধ মোদি ও ওবামা। ফাইল ছবি l এএফপি
আলিঙ্গনে আবদ্ধ মোদি ও ওবামা। ফাইল ছবি l এএফপি

প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামার মেয়াদের শেষ বছরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিন দিনের সফরে যুক্তরাষ্ট্র পৌঁছেছেন। স্থানীয় সময় গত সোমবার সন্ধ্যায় ওয়াশিংটনে পৌঁছান মোদি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপের (এনএসজি) সদস্য হতে ভারতের অব্যাহত চেষ্টায় এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
সফরকালে মোদি মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন। থাকছে বারাক ওবামার সঙ্গে মোদির বৈঠক। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ১২০ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ৫০০ বিলিয়ন ডলারে উন্নীত করায় আগ্রহী মোদির জন্য এ সফর বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ভারতের প্রধানমন্ত্রীর ওয়েবসাইটে বলা হয়, নরেন্দ্র মোদির সফর শুরু হয় আরলিংটন সমাধিক্ষেত্রের স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে। এরপর মোদি নভোখেয়া কলম্বিয়া মেমোরিয়ালে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় কলম্বিয়া নভোখেয়া বিপর্যয়ে নিহত নভোচারী ভারতীয় বংশোদ্ভূত কল্পনা চাওলার স্বামী জেন পিয়ের হ্যারিসন এবং আরেক নভোচারী সুনীতা উইলিয়ামস উপস্থিত ছিলেন। পরে মার্কিন বিচার বিভাগের এক অনুষ্ঠানে অংশ নেন মোদি। সেখানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হওয়া ২০০ ভারতীয় গুরুত্বপূর্ণ প্রত্নসম্পদ ফিরিয়ে দেওয়া হয়। এ অনুষ্ঠানে মোদি বলেন, এই ঘটনা দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।
মোদির এ সফরের একটি লক্ষ্য, বেসামরিক কাজে ব্যবহৃত পরমাণু প্রযুক্তির বাণিজ্যে নিয়োজিত ৪৮টি দেশের জোট এনএসজির সদস্য হওয়ার বিষয়টি নিশ্চিত করা। ভারতকে এনএসজির সদস্য করতে যুক্তরাষ্ট্র চীনের ওপর চাপ প্রয়োগ করেছে। বেইজিংয়ে সদ্য অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও চীনের কৌশলগত ও অর্থনৈতিক সংলাপে ভারতের এনএসজির সদস্য হওয়ার বিষয়ে চীনের ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।
আগামীকাল ভিয়েনায় এবং ২৪ জুন সিউলে এনএসজির গুরুত্বপূর্ণ সভা রয়েছে। ভারতীয় কর্মকর্তারা মনে করছেন, এই দুই বৈঠকের আগে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা খুবই তাৎপর্যপূর্ণ।
গত মাসে ভারত এনএসজির সদস্যপদের জন্য আবেদন করেছে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ভারতের সদস্যপদের পক্ষে নিজেদের সমর্থন ঘোষণা করেছে। আর সোমবারই মোদির উপস্থিতিতে সুইজারল্যান্ড ভারতের পক্ষে তাদের সমর্থন জানায়।
গতকাল মোদির সঙ্গে বারাক ওবামার দুই ঘণ্টাব্যাপী বৈঠক নির্ধারিত ছিল। মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর বারাক ওবামার সঙ্গে এটি হবে তাঁর সপ্তম বৈঠক। এ ছাড়া মোদি মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন। সম্প্রতি কয়েকজন মার্কিন জ্যেষ্ঠ সিনেটর ভারতের মানবাধিকার পরিস্থিতির কঠোর সমালোচনা করেন। সেই পরিপ্রেক্ষিতে মার্কিন কংগ্রেসে মোদির ভাষণ খুব তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।