মেয়র ব্লাজিওর উদ্যোগে ব্রঙ্কসে 'ইফতার ইন দ্য সিটি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রঙ্কসের পার্কচেস্টারে ব্লাজিওর ‘ইফতার ইন দ্য সিটি’
ব্রঙ্কসের পার্কচেস্টারে ব্লাজিওর ‘ইফতার ইন দ্য সিটি’

পবিত্র রমজানে নিউইয়র্ক সিটির পক্ষ থেকে মেয়র বিল ডি ব্লাজিওর ‘ইফতার ইন দ্য সিটি’ নামে উন্মুক্ত ইফতার মাহফিল ১৬ মে অনুষ্ঠিত হয়েছে। এটি ছিল নিউইয়র্ক মেয়রের উদ্যোগে বিভিন্ন বরোতে ধারাবাহিকভাবে আয়োজিত চতুর্থ ইফতার আয়োজন। এবার এই ইফতার ইন দ্য সিটির আয়োজন করা হয় ব্রঙ্কসের বাংলাদেশি অধ্যুষিত পার্কচেষ্টারে।
পার্কচেষ্টারের স্টার্লিং-বাংলাবাজার এলাকার সেন্ট রেমন্ড অ্যাভিনিউয়ে আয়োজিত এই ইফতারে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি মুসলমান ছাড়াও আরব, এশিয়া, আফ্রিকাসহ বিভিন্ন দেশের প্রবাসী মুসলমানেরা যোগ দেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে সিটি মেয়র বিল ডি ব্লাজিওর স্ত্রী লেখিকা শারলিন আরিন ম্যাকক্রে এবং স্টেট সিনেটর লুইস সিপুলভেদা ছাড়াও বিভিন্ন দেশের প্রবাসী কমিউনিটির নেতা, নিউইয়র্ক সিটি ও স্টেটের রাজনীতিক এবং গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইফতারের আগে দেওয়া বক্তৃতায় শারলিন আরিন সাম্প্রতিক বিশ্বের বিভিন্ন দেশে ধর্মের নামে হানাহানি ও মানুষ হত্যার নিন্দা করেন। তবে নিউইয়র্ক সিটি সব ধর্মের মানুষের সুরক্ষা দিতে সব সময় সচেষ্ট আছে উল্লেখ করে তিনি সিটির অভিবাসী বাসিন্দাদের নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালনের আহ্বান জানান।