মেয়রের সঙ্গে বিরোধে পুলিশপ্রধানকে অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডার জনবহুল প্রদেশ অন্টারিওয়ের পুলিশপ্রধান বিল ব্লেয়ারকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টরন্টোর মেয়রের রব ফোর্ডের সঙ্গে দ্বন্দ্বের কারণে তাঁকে এ শাস্তি দেওয়ার হয়।

সম্প্রতি টরন্টোর পুলিশ সার্ভিস বোর্ড চেয়ারম্যান অলক মুখার্জির সভাপতিত্বে এক সভা হয়। এতে পুলিশপ্রধান বিল ব্লেয়ারের নতুন করে মেয়াদ বাড়ানোর চুক্তিটি বাতিল করে দেওয়া হয়। কারণ হিসেবে বলা হয়, ২০১০ সালে টরন্টোর মেট্রো টরন্টো কনভেনশন সেন্টারে জি-২০-এর সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে বিক্ষোভকারীদের সঙ্গে অমানবিক আচরণ করে পুলিশ। এ ঘটনায় কারণে বোর্ড মনে করছে ব্লেয়ার এ পদে থাকার উপযুক্ত নয়।

পুরোনো চুক্তি অনুযায়ী, ব্লেয়ার আগামী বছরের এপ্রিল পর্যন্ত দায়িত্বে থাকবেন।

কানাডার বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে এমন সিদ্ধান্তের কারণ হিসেবে মেয়র রব ফোর্ডের সঙ্গে পুলিশপ্রধানের দ্বন্দ্বের বিষয়টি উল্লেখ করা হয়।

২০১৩ সালের অক্টোবরের শেষের দিকে কানাডার বিভিন্ন গণমাধ্যমে টরন্টোর মেয়রের রব ফোর্ডের কোকেন সেবন ও মাতলামির ভিডিওচিত্র ছড়িয়ে পড়ে। এ নিয়ে পুলিশের সঙ্গে মেয়রের তিক্ত সম্পর্ক গড়ে ওঠে। তখন মেয়র ভিডিও ছড়ানোর সঙ্গে প্রদেশের পুলিশের সম্পর্ক থাকার অভিযোগ তুলেছিলেন।

টরন্টোর পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে পুলিশপ্রধান ব্লেয়ার বলেন, মেয়রের ভাই সিটি কমিশনার ডগ ফোর্ড এক পত্রিকায় তাঁকে হেয় করে ভুল তথ্য দিয়েছেন। এতে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তিনি ডগ ফোর্ডের বিরুদ্ধে মিথ্যাচারের মামলা করবেন।

আসন্ন মেয়র নির্বাচনের জন্য ব্যাপক প্রচারণা চালাচ্ছেন রব ফোর্ড। মাদক সেবন নিয়ে বিতর্ক থাকলেও সফল মেয়র হিসেবে তাঁর জনপ্রিয়তা কম নয়।