মেয়াদের পর কী করবেন ওবামা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারাক ওবামা। ফাইল ছবি
বারাক ওবামা। ফাইল ছবি

প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ পার করার পর বারাক ওবামা কী করবেন, তা এখনো ঠিক করেননি। গতকাল সোমবার হোয়াইট হাউস এ কথা জানায় বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে।
প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামার দ্বিতীয় মেয়াদ শেষ হবে ২০১৭ সালে। বিষয়টি মাথায় রেখে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সভাপতি বারাক ওবামাকে তাঁদের ক্যাম্পাসে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। আর এই আহ্বানের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, প্রেসিডেন্ট ওবামা দায়িত্ব ছাড়ার পর এই বিশ্ববিদ্যালয়ে যোগ দিচ্ছেন।
এর পরিপ্রেক্ষিতে বার্তা সংস্থা রয়টার্স ঘটনার সত্যতা সম্পর্কে হোয়াইট হাউসের কাছে জানতে যায়। জবাবে হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতি প্রেসিডেন্ট বারাক ওবামার শ্রদ্ধা আছে। ওই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করারও আগ্রহ আছে তাঁর। তবে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শেষে তিনি কী করবেন, তা এখনো ঠিক করেননি।
প্রেসিডেন্ট ওবামা কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক। এ কারণে ওই বিশ্ববিদ্যালয়ে ওবামার ফিরে যাওয়ার প্রচারটি পালে হাওয়া পায়।
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সভাপতির বক্তব্য নিয়ে এ অবস্থার সৃষ্টি হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও গতকাল একটি বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। বলেছে, বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র হিসেবে ওবামাকে তাদের এখানে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে; তবে বিষয়টি আর এগোয়নি।