মেয়ে হারানোর শোকে!

মেয়ে ক্যারি ফিশারের মৃত্যুর এক দিন পরই না ফেরার দেশে গেলেন তাঁর মা মার্কিন অভিনেত্রী ডেবি রেনল্ডস (৮৪)। তাঁর ছেলে প্রযোজক ও অভিনেতা টড ফিশার বলেন, বোন ক্যারির মৃত্যুর সংবাদটি তাঁদের মায়ের মনে অত্যন্ত মানসিক চাপ সৃষ্টি করে এবং তাঁর শেষ কথা ছিল—তিনি মেয়ে ক্যারির সঙ্গেই ‘থাকতে’ চান।
গত মঙ্গলবার হলিউড তারকা ও ‘স্টার ওয়ারস’ সিরিজের জনপ্রিয় অভিনেত্রী ক্যারি ফিশার (৬০) হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। পরদিন গত বুধবার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে—এ আশঙ্কায় তাঁর মা ডেবি রেনল্ডসকে নিয়ে যাওয়া হয় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে। এর ঘণ্টা খানেকের মধ্যেই তিনি মারা যান। তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন তাঁর স্বজন, সহকর্মী ও অগণিত ভক্ত।
১৯৩২ সালের পয়লা এপ্রিল জন্ম হয়েছিল মেরি ফ্রান্সেস ডেবি রেনল্ডসের। ১৬ বছর বয়সেই ‘মিস বারব্যাংক সুন্দরী প্রতিযোগিতা’য় তাঁকে দেখে চলচ্চিত্র কোম্পানি ওয়ার্নার ব্রস তাঁর প্রতি আগ্রহী হয়। তারা তাঁর নাম পরিবর্তন করে ‘ডেবি’ রাখে। জুন ব্রাইড নামে একটি ছবিতেও তিনি তখন অভিনয় করেন। ১৯৫০ সালে তিনি মেট্রো গোল্ডউইন মেয়ারের সঙ্গে চুক্তিবদ্ধ হন। সে বছরেই তাঁর প্রথম ছবি দ্য ডটার অব রোজি ওগ্রাডি মুক্তি পায়। এরপরই ১৯৫২ সালে সিংগিন ইন দ্য রেইন-এর মধ্য দিয়ে ডেবি তারকা বনে যান।