মেয়ের কাছে স্ন্যাপচ্যাটের দীক্ষা নিলেন ওবামা!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বলা হয় বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। সে হিসেবে দেশটির বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামাও সবচেয়ে ক্ষমতাবান। এই ক্ষমতাধর ব্যক্তিটিকে জ্ঞান দেওয়ার জন্য আছেন অনেক উপদেষ্টা-বিশেষজ্ঞ। তবে তাঁদের পাশ কাটিয়ে শিক্ষার জন্য তিনি দ্বারস্থ হয়েছিলেন তাঁর ১৫ বছর বয়সী ছোট মেয়ে সাশার।
কীভাবে? সোমবার সে তথ্য বারাক ওবামা নিজেই প্রকাশ করলেন এবিসি টেলিভিশনে জিমি কিমেলের লাইভ অনুষ্ঠানে।
ওবামা জানালেন, প্রেসিডেন্ট হিসেবে তাঁর ফোন ব্যবহারের ওপর নানা কড়াকড়ি আছে। তাঁর আইফোনটিতে ইন্টারনেট ব্রাউজিং ও ই-মেইল গ্রহণের সুযোগ সীমিত করা। তিনি এই ফোন দিয়ে ছবি তুলতে পারেন না। গান শুনতে পারেন না। এমনকি কাউকে ফোনও করতে পারেন না। তবে নিজের মেয়েদের কাছে স্ন্যাপচ্যাটের কথা শুনতে শুনতে তিনি বিষয়টি সম্পর্কে আগ্রহী হয়ে ওঠেন।
মেয়ের কাছ থেকে পাঠ নেওয়ার বিষয়ে বলতে গিয়ে প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘একদিন সবাই মিলে রাতের খাবার খাচ্ছিলাম। কথা প্রসঙ্গে বললাম, নতুন প্রজন্মের কাছে স্ন্যাপচ্যাট নাকি খুব জনপ্রিয় হয়ে উঠছে! সাশা, আমাকে কি একটু বোঝাবে? সাশা আমাকে বোঝাতে শুরু করল।’
ওবামা বলেন ‘ওর কাছ থেকে বিষয়টি বোঝার পর আমি আর মিশেল মিলে সেখানে বসে এটা নিয়ে আলোচনা করছিলাম। আমি মিশেলকে সামাজিক যোগাযোগমাধ্যম এবং এর প্রভাব সম্পর্কে বলছিলাম। হঠাৎ বুঝতে পারলাম, সাশা এই আলাপ ভিডিওতে ধারণ করছে।’ ‘সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিয়ে বাবা জ্ঞান দিচ্ছে!’—এমন একটি শিরোনাম দিয়ে সাশা স্ন্যাপচ্যাটে তাঁর বন্ধুদের কাছে পাঠিয়ে দেয়। আর এর সঙ্গে নিজের ‘বিরক্ত’ হওয়া ছবি যোগ করে দেয়। সাশার এই পোস্টটিতে ‘লাভ’ দিয়ে সহমত প্রকাশ করেছেন গত জুনে স্ন্যাপচ্যাটে যোগ দেওয়া মিশেল ওবামা ও এই দম্পতির বড় মেয়ে মালিয়া।