মোকাবিলা করতে হবে হোয়াইট হাউসকেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের শার্লটসভিলেতে সহিংসতার ঘটনায় গত মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কট্টরপন্থীদের উভয় পক্ষ ডান ও বামপন্থীদের দোষারোপ করেছেন। এই অবস্থান নিয়ে নিঃসন্দেহে তিনি নিজের রাজনৈতিক সমর্থকদের একাংশকে প্রসন্ন করেছেন।

তবে কু ক্ল্যাক্স ক্ল্যানসহ বর্ণবাদী গোষ্ঠীগুলোর নিন্দা করে যে চাপের পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ট্রাম্প মঙ্গলবারের মন্তব্যটি করেছেন, তাতে রিপাবলিকানদের একাংশকে হতাশ করেছে। সরকার চালাতে সামনের মাস ও বছরগুলোয় এই সমর্থকদেরও সমর্থনের প্রয়োজন রয়েছে ট্রাম্পের। কাজেই তাঁর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সৃষ্ট প্রতিক্রিয়া এখন মোকাবিলা করতে হবে হোয়াইট হাউসকে।

শার্লটসভিলেতে গত শনিবার কু ক্ল্যাক্স ক্ল্যান (কেকেকে) ও অন্যান্য বর্ণবাদী গোষ্ঠীর সদস্যদের সঙ্গে বিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এই সংঘর্ষে একজন নিহত ও প্রায় অর্ধশত লোক আহত হয়। ঘটনার দিন টুইটারে প্রেসিডেন্ট ট্রাম্প ঘৃণার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পরে এক বিবৃতিতে তিনি ‘বিভিন্ন পক্ষে’ যে ঘৃণা ও সহিংসতা দেখানো হয়েছে, তার নিন্দা জানান। কিন্তু সরাসরি বর্ণবাদীদের বিরুদ্ধে কিছু না বলায় নিজের রিপাবলিকান দলেই সমালোচনার মুখে পড়েন তিনি। এরপর গত সোমবার এক বিবৃতিতে বর্ণবাদীদের নিন্দা করেন ট্রাম্প। এর পরদিন মঙ্গলবার নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বর্ণবাদবিরোধী পক্ষেরও সমালোচনা করে তিনি বলেন, সহিংসতায় ‘একটা পক্ষ ছিল যারা খারাপ, এবং আরেকটা পক্ষ ছিল যারা অত্যন্ত সহিংস। কেউই এ কথা বলতে চায় না।’ তিনি বলেন, ‘অলট-লেফটদের (বিকল্প বামপন্থী) কী অবস্থা, যেমনটা আপনারা অলট-রাইটদের (বিকল্প ডানপন্থী) ব্যাপারে বলেন? তাদের চেহারায় অন্যায়ের কোনো আভাস রয়েছে? একটা গল্পে দুটো পক্ষ থাকে।’

এক প্রশাসনিক কর্মকর্তা বলেন, ‘আপনার ঘাঁটি আপনাকে পুনর্বার নির্বাচিত করবে না...অথবা কংগ্রেসে আপনাকে সংখ্যাগরিষ্ঠ অবস্থানে রাখতে পারবে না।’ তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিক্রিয়ায় সৃষ্ট বিতর্ক কিছু সময়ের জন্য হলেও টিকে থাকবে। এটা রাজনৈতিক বাস্তবতা। শার্লটসভিলের সহিংসতার ঘটনায় ট্রাম্পের প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে সংবাদ পরিবেশনের জন্য মঙ্গলবার সংবাদমাধ্যমেরও সমালোচনা করেন তিনি। সেই সঙ্গে সহিংসতায় নিহত বিক্ষোভকারী ৩২ বছর বয়সী হিথার হেয়ারের মা সুসান ব্রোয়ের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ‘তিনি যে চাপ ও মানসিক যন্ত্রণার মধ্যে আছেন, সেই পরিপ্রেক্ষিতে আমি ভেবেছিলাম, (আগের) ওই বিবৃতি তাঁর জন্য (সান্ত্বনাস্বরূপ) একটা কিছু হবে।’

ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্যাম নানবার্গ বলেন, ট্রাম্পের রাজনৈতিক সমর্থকেরা তাঁর এই অবস্থানকে সমর্থন জানালেও মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে যে ধরনের কথাবার্তা তাঁর হয়েছে, তাতে তাঁর চাপ বা সমালোচনা পছন্দ না করার চরিত্রটিই ফুটে উঠেছে।

তবে ট্রাম্পের এইমন্তব্যের প্রতিক্রিয়া মোকাবিলা করতে হবে হোয়াইট হাউসকেই।হোয়াইট হাউসের কর্মকর্তারা বলছেন, সময়ই বলে দেবে এই ইস্যু কত দিন সংবাদ শিরোনাম হয়ে থাকবে এবং ট্রাম্প ও তাঁর রাজনৈতিক সমর্থক মহলকে তা কতটা আঘাত করবে। একজন প্রশাসনিক কর্মকর্তা বলেছেন, এই সমস্যা মোকাবিলায় এখন সেরা কৌশল হবে নীরব থাকা।