মোচড়ানো ডিসপ্লে বাজারে আনবে স্যামসাং
শিগগিরই ফোল্ডিং করা যায় এমন স্মার্টফোন বাস্তবে দেখা যাবে। কিন্তু এ ক্ষেত্রে প্রয়োজন হবে মোড়ানো সম্ভব এমন ডিসপ্লে প্যানেল। তেমনই নতুন ডিসপ্লে প্যানেল আনছে প্রযুক্তিপণ্যের জায়ান্ট স্যামসাং। বিশ্বের প্রথম মোচড়ানো সুবিধার ডিসপ্লে প্রদর্শনের প্রস্তুতি নিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এক প্রদর্শনীতে ৯ দশমিক ১ ইঞ্চির ডিসপ্লে প্রদর্শন করছে প্রতিষ্ঠানটি। নতুন এই ডিসপ্লে বাঁকানো এবং গাড়িতে ব্যবহার করা যাবে, যা ১২ মিলিমিটার পর্যন্ত যেকোনো দিকে মোড়ানো সম্ভব। বর্তমানে বাঁকানো ওএলইডি যেকোনো একদিকে ভাঁজ করা যায়। কিন্তু নতুন এই ওএলইডি ওপর-নিচ, উভয় পাশে বাঁকানো, ভাঁজ বা গোল করা যাবে। নতুন এই প্রযুক্তিপণ্য নিয়ে এখনো গবেষণা ও উন্নয়নকাজ চলছে। তাই এই ডিসপ্লে ব্যবহার করে ঠিক কবে নাগাদ মুঠোফোন বাজারে আসতে পারে, তা এখনো ঠিক বলা যাচ্ছে না।