মোজাফফর আহমদ স্মরণে নাগরিক শোকসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোজাফফর আহমদ স্মরণে নাগরিক শোকসভায় বক্তা ও অতিথিরা
মোজাফফর আহমদ স্মরণে নাগরিক শোকসভায় বক্তা ও অতিথিরা

অধ্যাপক মোজাফফর আহমদ আজীবন নিঃস্বার্থভাবে সাধারণ মানুষের মুক্তি ও অধিকার আদায়ের সংগ্রাম করে গেছেন। সাধারণ জনগণের কথা ভাবতেন বলে তিনি বঙ্গবন্ধুর মন্ত্রিত্বের আমন্ত্রণ প্রত্যাখ্যান করতে পেরেছিলেন।

২২ সেপ্টেম্বর নিউইয়র্কের জুইস সেন্টারে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বাংলাদেশে ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি মোজাফফর আহমদের নাগরিক শোকসভায় বক্তারা এসব কথা বলেন। শোকসভায় সভাপতিত্ব করেন নাগরিক কমিটির আহ্বায়ক সাবেক টিভি প্রযোজক ও প্রাবন্ধিক বেলাল বেগ।

সভায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, জাতিসংঘে নিযুক্ত অর্থনীতিবিদ নজরুল ইসলাম, ন্যাপের নেতা সৈয়দ মুজিবুর রহমান, চিত্র পরিচালক সৈয়দ কবির আনোয়ার, রাজনীতিক খুরশেদুল ইসলাম, সাংবাদিক নিনি ওয়াহেদ, কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য বিপ্লব সাকী, আবুল হাশিম মুন্সী, বাসদ নেতা শাহাবুদ্দিন আহমদ, সাংবাদিক ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতা বাতেন, শরাফ সরকার প্রমুখ।

সৈয়দ মোহাম্মদ উল্লাহ বলেন, অধ্যাপক মোজাফফর আহমদ সৎ ও নির্লোভ রাজনীতিক ছিলেন। তাঁর পথ অনুসরণ করে বর্তমান পঙ্কিল রাজনীতিমুক্ত হওয়ার একমাত্র পথ।

অর্থনীতিবিদ নজরুল বলেন, তিনি আন্তর্জাতিক পর্যায়ের প্রগতিশীল রাজনীতিক ছিলেন। বর্তমান রাজনীতিতে আদর্শহীনতা ও স্বার্থবাদিতার অন্ধকারে নিমজ্জিত অবস্থা থেকে মুক্তির একমাত্র পথ মোজাফফর আহমদের পথ অনুসরণ করা।

সৈয়দ মুজিবুর রহমান বলেন, তিনি বাংলাদেশের প্রগতিশীল রাজনীতির একজন অন্যতম পুরোধা ব্যক্তি ছিলেন। সাধারণ মানুষের সেবা করার ব্রত নিয়ে আরাম আয়েশের সম্মানজনক চাকরি ছেড়ে রাজনীতিকে জীবনের অনুষঙ্গ করেছিলেন।

বিপ্লব সাকী বলেন, মোজাফফর আহমদ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।

কবির আনোয়ার বলেন, বঙ্গবন্ধু হত্যার পেছনে সিআইএ ও দলীয় দক্ষিণপন্থীরা জড়িত ছিল। দেশকে রক্ষা করতে হলে বাম গণতান্ত্রিক শক্তি ও মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনার আহ্বান জানান।

সভাপতি বেলাল বেগ বলেন, মোজাফফর আহমদের মতো নেতার আজ বড় অভাব, তাই রাজনীতি এখন কলুষিত। দেশ হত্যা-ধর্ষণ, লুটতরাজে পরিণত হয়েছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে স্বাধীনতার পক্ষের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন নাগরিক কমিটির সদস্যসচিব সুব্রত বিশ্বাস। উদীচী শিল্পী গোষ্ঠীর পরিচালনায় ‘আগুনের পরশ মণি’ গানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এ ছাড়া তারা দুটি গণসংগীত পরিবেশন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন জীবন বিশ্বাস।