মোবাইল ফোন দিয়েও ঢোকা যাবে রেলস্টেশনে
নিউইয়র্ক নগরীর মেট্রো কার্ডের পরিবর্তে মোবাইল ফোন ব্যবহার করেও সাবওয়ে (ট্রেন) স্টেশনে প্রবেশ করা যাবে। নিউইয়র্ক নগরের পরিবহন নিয়ন্ত্রণকারী সংস্থা মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথোরিটি (এমটিএ) সাবওয়ে স্টেশনের ঘূর্ণমান দরজায় মোবাইল ফোনের মাধ্যমে প্রবেশ মূল্য পরিশোধের পরীক্ষামূলক উদ্যোগ শুরু করেছে।
এমটিএ’র মুখপাত্র কেভিন অরটিজ জানান, ম্যানহাটনের বৌলিং গ্রিন স্টেশনের প্রবেশ পথে ঘূর্ণমান দরজায় স্ক্যানার বসানো হয়েছে। এ স্ক্যানার বসানোর ফলে মোবাইল ফোনের মাধ্যমেও মূল্য পরিশোধ করতপারবেন সংশ্লিষ্টরা। চলতি বছরেই অন্তত ১৪টি স্টেশনে এমন স্ক্যানার বসানো হবে।
অরটিজ বলেন, লং আইল্যান্ড রেলরোড ও মেট্রোনর্থ রাইডার্স রেলরোডের যাত্রীরা তাদের মোবাইল ফোন ব্যবহার করেই পাতাল রেলসহ ট্রেনের অভিন্ন মেট্রো কার্ড কিনতে পারেন। এসব স্ক্যানার আমরা পরীক্ষা করে দেখছি। তবে প্রতিটি স্টেশনের প্রবেশ পথে এমন ঘূর্ণমান দরজা বসাতে কী পরিমাণ অর্থ ব্যয় হবে, তা এখনো স্পষ্ট নয়।
তিনি জানান রেলযাত্রীদের জন্য বর্তমানে ব্যবহৃত মেট্রো কার্ড ক্রমান্বয়ে তুলে দেওয়া হবে। ১৯৯০-এর দশকে শুরু হওয়া মেট্রো কার্ড বর্তমানে সেকেলে হয়ে গেছে। বর্তমানে পরিবহন সংস্থাগুলো অর্থ পরিশোধের জন্য আধুনিক বিকল্প হিসেবে অ্যাপস ও ব্যাংক কার্ডের মতো প্রযুক্তি ব্যবহার করছে।
তবে অনেকেই এমটিএর এ উদ্যোগের সাফল্য নিয়ে সন্দিহান। তাদের মতে, এ ব্যবস্থা ব্যাপকভাবে জনপ্রিয় হবে বলে মনে হয় না। কারণ মেট্রো কার্ডের সঙ্গে বিভিন্ন বিষয় জড়িত, যেগুলোকে মোবাইল ফোনের সঙ্গে সম্পৃক্ত করতে জটিলতার মুখে পড়তে হতে পারে।
তবে উদ্যোগটির সাফল্য নিয়ে আশাবাদী এমটিএ বোর্ড সদস্য আন্দ্রে আলবার্ট। তিনি বলেন, অন্যান্য নগর ইতিমধ্যেই এ ধরনের প্রযুক্তি ব্যবহার করছে। এ কাজে আমরা কিছুটা পিছিয়ে আছি।
ট্রাই স্টেট ট্রান্সপোর্টেশন ক্যাম্পেইনের নির্বাহী পরিচালক নিক সিফুন্টস বলেন, লন্ডন, লস অ্যাঞ্জেলেস প্রভৃতি নগর অবশ্যই প্রযুক্তি ব্যবহারে মেট্রো কার্ড থেকে এগিয়ে আছে। আমরাও সে পর্যায়ে পৌঁছানোর পন্থা নিয়ে ভাবছি।