মোস্তাফিজ রহমানের দুটি কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেম

প্রথম প্রেম — হাডসন নদীর ঈষৎ ময়লা পানিতে বিশাল সাইজের
বাতাসার মতো এক নৃত্যরত চাঁদ
দ্বিতীয় প্রেম — হাজার মানুষের ভিড়ে চোখ তুলে তাকিয়ে থাকা যুবতীর
রূপে নায়াগ্রা ফলস, যাকে আজ আমার লাগে এক প্রাক্তন প্রেমিকার
মতো, দূর থেকে তাকে দেখে সুখী ভাবা যায়, অনায়াসে, অন্য মানুষের সাথে
তৃতীয় প্রেম — এক শ মাইল স্পিডে নিউজার্সি টার্ন পাইকে ঘোড়া
দৌড়িয়ে সূর্যোদয়ের সাথে পাল্লা, আলো ফুটে গিয়ে সব ধ্বংস
চতুর্থ প্রেম — তুমি, কালো মেঘের মতো রাগী চেহারার ঘন এক চরিত্র,
ভালোবাসায় টইটুম্বুর, অদ্ভুত সব আহ্লাদ
পঞ্চম এবং শেষ প্রেম — আমার একলা সব রাতজাগা!


অলকানন্দা

অলকানন্দা,
তোমায় খুঁজে বেড়াই সারা বেলা, সেই কবে,
সেই সূর্য ঘুরে ঘুরে সকাল করে অতি যত্নে
আমি রশ্মি ধরে ধরে তোমার গর্জন শুনি
ঢেউ গুনে গুনে ফিরে যাই ফেলে আসা পথে
তবু তোমাকে খুঁজে পাই না, লুকিয়ে আছ
নাকি অভিমানী তুমি পথ হারিয়েছ স্বেচ্ছায়।

অলকানন্দা,
শুনেছি তুমি মর্ত্য ত্যাগ করেছ, সেই সাথে মানুষও,
ফিরে গিয়েছ স্বর্গে, যেখানে দেবতাদের বাস
কমিউনিস্টদের তো ঠাঁই নেই সেখানে, জানা ছিল তাই
আর থাকলেই বা কী, মানুষের মাঝেই যদি না থাকো
আমি একাই বা স্বর্গে গিয়ে কী হবে, বড়জোর এক হাত পাশা।

অলকানন্দা,
তুমি উপভোগ করো স্বর্গ, আর আমি তোমার অপেক্ষা করি
অনন্তকাল, অসীম সময় ধরে, ছুটে এসো না ভুলেও
স্বর্গে বসে সুখী হওয়া পোষাবে না আমার কোনো দিন
তবু আমি খুঁজে ফিরব তোমায়, যেদিকে দুচোখ যায়
সোনালি মাটিতে অবীর হয়ে মিশে যাওয়ার আগে।