মৌলবাদী তৎপরতার বিরুদ্ধে উদীচীর প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীন বাংলাদেশে মৌলবাদী তৎপরতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র উদীচীর পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে।
সংগঠনের পক্ষে সিনিয়র সহসভাপতি সুব্রত বিশ্বাস স্বাক্ষরিত পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, স্বাধীনতার পর থেকে আমরা লক্ষ্য করছি, স্বাধীনতার পরাজিত শক্তি এবং উগ্র ধর্মান্ধ মৌলবাদী শক্তি দেশে মৌলবাদী চাষ করার ক্ষেত্রে নানা কৌশল অবলম্বন করে আসছে। গড়ে তুলেছে নানা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে সেমিনারের মাধ্যমে মৌলবাদী প্রচার চলতে থাকে। এসবের মাধ্যমে তাদের শক্তি ও প্রভাব বৃদ্ধি করতে থাকে। ২০০১ সালে চারদলীয় জোটের সময় এর অবাধ প্রসার ঘটে। দেশব্যাপী স্বাধীনতার পক্ষ শক্তি, মুক্তিযোদ্ধা এবং মুক্তমনা ব্যক্তিদের হত্যা এবং হুমকি দিয়ে আসছে। সরকারের প্রতিরোধের চাপে খানিকটা দমে গেলেও তাদের হুমকি ও হত্যা থেমে নেই।
বিবৃতিতে আরও বলা হয়, পুলিশ, র‌্যাব দিয়ে সরকার সন্ত্রাসী ও উগ্রবাদী দমনের চেষ্টা করে যাচ্ছে সন্দেহ নেই। বহুক্ষেত্রে সফল হলেও মৌলবাদের শেকড় উৎপাটন হয়নি। সন্ত্রাস, মৌলবাদের উৎস যথারীতি অক্ষুণ্ন ও অবাধ রেখে মৌলবাদের বিস্তৃতি রোধ করা কিংবা বন্ধ করা সম্ভব নয় বলে আমরা মনে করি। যে হেফাজত বর্তমান সরকার উৎখাতের পরিকল্পনা নিয়ে শাপলা চত্বরে জমায়েত করেছিল সাম্প্রতিককালে সরকার তাদের সঙ্গে রাজনৈতিক সমঝোতা করেছে। আমরা মনে করি হেফাজতের সঙ্গে সরকারের এই ঘনিষ্ঠতা সরকার ও স্বাধীনতার পক্ষের শক্তির জন্য আত্মঘাতীর শামিল। আমরা মনে করি জামায়াত-হেফাজত পৃথক পরিচয় হলেও তাদের উদ্দেশ্য এক ও অভিন্ন। তারা সাংগঠনিক ও রাজনৈতিকভাবে সংগঠিত হচ্ছে। সরকার তাদের আবদার অনুযায়ী পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িক অনুপ্রবেশের পথ করে দিচ্ছে।
বিবৃতিতে বলা হয়, এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশে মৌলবাদের চর্চা অবাধে চলছে। গত বছর ড. জাফর ইকবালের ওপর পরিকল্পিত আক্রমণ হয়। সৌভাগ্যক্রমে তিনি বেঁচে যান। সম্প্রতি দেশের বরেণ্য ব্যক্তি সুলতানা কামাল, শাহরিয়ার কবির ও মুনতাসীর মামুনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আমরা মনে করি, সরকার স্বাধীনতার পক্ষ শক্তিকে কোণঠাসা করে হেফাজতসহ মৌলবাদীদের সঙ্গে সমঝোতা ও আপস করে চলার কৌশল নিয়ে দেশকে চরম বিপদের দিকে ঠেলে দিচ্ছে। আমরা দেশের বরেণ্য এই তিন ব্যক্তির নিরাপত্তা বিধানের জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছি। পাশাপাশি মৌলবাদের উৎস হেফাজতের সঙ্গে সমঝোতার অপকৌশল ত্যাগ করার আহ্বান জানাচ্ছি।