ম্যাককেইনের অপেক্ষায় স্বাস্থ্য সুরক্ষা আইন

অ্যারিজোনা অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইনের বাঁ চোখে অস্ত্রোপচার হয়েছে সম্প্রতি। তাঁর পুরোপুরি সেরে উঠতে আরও সপ্তাহখানেক সময় লাগবে। এ অবস্থায় স্বাস্থ্য সুরক্ষা আইনের ওপর ভোটাভুটির জন্য সিনেট তাঁর জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। গত ১৫ জুলাই শনিবার এ কথা জানিয়েছেন সিনেটে রিপাবলিকান দলের নেতা মিচ ম্যাককোনেল।
এ বিষয়ে ম্যাককোনেল রয়টার্সকে বলেন, ‘জন (ম্যাককেইন) সেরে উঠতে উঠতে সিনেট আইনটিকে আরও যুগোপযোগী করতে কাজ করবে। তিনি সেরে উঠলেই এ বিষয়ে সিনেটে ভোট অনুষ্ঠিত হবে। তিনি খুব দ্রুত সেরে উঠবেন বলে আমরা আশা করছি।’
অ্যারিজোনায় ম্যাককেইনের কার্যালয় জানায়, অস্ত্রোপচারের পর ম্যাককেইন বর্তমানে নিজ বাড়িতে বিশ্রামে রয়েছেন। তাঁর পূর্ণাঙ্গভাবে সেরে উঠতে আরও এক সপ্তাহের মতো সময় লাগবে।
ওবামাকেয়ার বাতিল করে নতুন একটি স্বাস্থ্য সুরক্ষা আইন পাসের জন্য ম্যাককোনেলের অন্তত ৫০টি সিনেট ভোট প্রয়োজন। কিন্তু সিনেটে রিপাবলিকান ও ডেমোক্র্যাট প্রতিনিধিত্বের অনুপাত ৫২-৪৮। এর মধ্যে আবার কিছু রিপাবলিকানের মধ্যে নতুন প্রস্তাবিত আইনটি নিয়ে দ্বিধা রয়েছে। ইতিমধ্যে দুই রিপাবলিকান সিনেটর আইনটির বিরুদ্ধে তাঁদের অবস্থান ব্যক্ত করেছেন। এ অবস্থায় রিপাবলিকানরা বিলটি নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না। তবে স্বাস্থ্য সুরক্ষা আইনের বিষয়ে ম্যাককেইনের অবস্থান সম্পর্কে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কিছু জানা যায়নি।