ম্যাটিস ও কেলির নিয়োগ অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেমস ম্যাটিস, জন কেলি
জেমস ম্যাটিস, জন কেলি

ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভায় দুই সদস্যের নিয়োগের বিষয়টি মার্কিন সিনেট গত শুক্রবার অনুমোদন করেছে। তাঁরা হলেন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস এবং হোমল্যান্ড সিকিউরিটি প্রধান জন কেলি। দুজনেই চার তারকা জেনারেল ছিলেন।
সিনেটের সদস্যরা ম্যাটিসের পক্ষে ৯৮ ও বিপক্ষে ১ ভোট এবং কেলির পক্ষে ৮৮ ও বিপক্ষে ১১ ভোট দিয়েছেন। ম্যাটিস পেন্টাগন অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান হবে এবং কেলি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সন্ত্রাস দমন থেকে শুরু করে নিরাপত্তা ও দুর্যোগ প্রতিরোধে নেতৃত্ব দেবেন। তাঁদের দুজনের পাশাপাশি আরেকজনের নিয়োগের বিষয়ে সিনেটে ভোটাভুটি হয়েছে। তিনি রিপাবলিকান পার্টির আইনপ্রণেতা মাইক পম্পেও। তাঁকে বৈদেশিক গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক পদে নিয়োগ দিতে চান ট্রাম্প। আগামীকাল সোমবার তাঁর নিয়োগের ব্যাপারে সিনেটে চূড়ান্ত ভোটাভুটি হবে।
সিনেটের ১০০টি আসনের মধ্যে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির ৫২ জন সদস্য রয়েছেন। নতুন মন্ত্রিসভায় নিয়োগের ব্যাপারে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির সিনেটরেরা বাধা দিতে পারেন। রিপাবলিকানরা আশা করেছিলেন, শুক্রবারের মধ্যে অন্তত সাত মন্ত্রীর নিয়োগ চূড়ান্ত করা সম্ভব হবে। কিন্তু ডেমোক্র্যাটদের আপত্তির কারণে তা হয়নি। ডেমোক্র্যাটদের অভিযোগ, মন্ত্রী নিয়োগের ব্যাপারে রিপাবলিকানরা তাড়াহুড়া করছেন। তারা বলছেন, মনোনীত প্রার্থীদের আর্থিক ও নৈতিক তথ্য সংগ্রহের জন্য সময় দেওয়া উচিত।