ম্যান বুকার পেলেন পল বিটি

সাহিত্যের সম্মানজনক ম্যান বুকার পুরস্কার পেয়েছেন মার্কিন লেখক পল বিটি। যুক্তরাষ্ট্রের কোনো লেখক হিসেবে বিটিই প্রথম এই পুরস্কার পেলেন। আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
‘দ্য সেলআউট’ উপন্যাসের জন্য এ বছর বিটিকে এই পুরস্কার দেওয়া হয়েছে। বর্ণবাদ নিয়ে এটি তাঁর ব্যঙ্গাত্মক লেখা।
‘দ্য সেলআউট’ বিটির চতুর্থ উপন্যাস। এক কৃষ্ণাঙ্গ তরুণের কাহিনি ঘিরে এই উপন্যাস। ওই তরুণ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি শহরতলিতে দাসপ্রথা ও বর্ণবাদ পুনর্বহাল করতে চান।
লন্ডনের গিল্ডহলে গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠানে বিটির ম্যান বুকার পুরস্কার জয়ের ঘোষণা দেওয়া হয়।
পুরস্কারের অর্থমূল্য হিসেবে ৫০ হাজার পাউন্ড এই ৫৪ বছর বয়সী মার্কিন লেখকের হাতে তুলে দেন ডাচেস অব কর্নওয়াল।
বিচারক প্যানেলের প্রধান আমান্ডা ফোরম্যান বলেন, প্রত্যেক সামাজিক টাবুর ব্যবচ্ছেদ করতে পেরেছে এই বই।
পুরস্কার গ্রহণের বক্তব্যে বিটি বলেন, এটি একটি কঠিন বই। লিখতে বেশ কষ্ট হয়েছে।