ম্যানহাটন ডাউন টাউন এলাকার বাড়িভাড়া বেড়েই চলেছে
নিউইয়র্কের ম্যানহাটন ডাউনে বাণিজ্যিক জেলা (ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট) এলাকায় আকাশচুম্বী দালানকোঠা বাড়ার পাশাপাশি সেখানে বেড়েছে বাড়িভাড়াও। আর এই হারটা এতটাই অস্বাভাবিক যে সেখানে কোনো বাংলাদেশি প্রবাসীর বসবাসের চিন্তা অনেকটা স্বপ্নাতীত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
৯/১১-এর হামলার আগ থেকেই ম্যানহাটনের ডাউন টাউনে জনসংখ্যা অতিমাত্রায় বাড়তে থাকে। ১৯৯০ সালে ওই এলাকার বাসিন্দাদের সংখ্যা ছিল ১৩ হাজার ৬৭৫ জন। ২০১৬ সালে তা বেড়ে ৬১ হাজারে দাঁড়িয়েছে। বাড়ির মালিকেরা বাসিন্দা বাড়ার এই সুযোগকে কাজে লাগিয়ে তাঁদের পুরোনো বাড়িগুলোকে বহুতল বাড়িতে পরিণত করেছেন। কিন্তু ক্রমাগত চাহিদার কারণে বাড়ি ভাড়াও অবিশ্বাস্যভাবে বেড়ে গেছে।
স্থানীয় একটি পত্রিকার মতে, এই এলাকায় বর্তমানে একটি স্টুডিও রুমের ভাড়া গড়ে তিন হাজার ৯৫ ডলার। দুই বেডরুমের বাসার ভাড়া ছয় হাজার ১৩ ডলার। এলাকার বাসিন্দাদের মধ্যে মধ্যম আয়ের বাসিন্দাদের বার্ষিক আয় এক লাখ ৬০ হাজার ডলার।
এমন ব্যয়বহুল বাসায় বাংলাদেশিরা কেমন আছেন জানতে চাইলে ১০৬ বি অ্যাভিনিউর বাসিন্দা আনোয়ার হোসেন লিটন বলেন, এখানে বাংলাদেশি দেখা পাওয়া ভার। আগে কিছু বাংলাদেশি থাকলেও বর্তমানে তেমন কেউ নেই। তিনি বলেন, তাঁর বাবা ১৯৮৫ সালে আমেরিকায় এসে এই বাসাটি ভাড়া নিয়েছিলেন বলে তাঁরা অনেক কম ভাড়ায় এখনো এখানে থাকতে পারছেন। বর্তমান হারে ভাড়া দিতে হলে এখানে থাকা মোটেই সম্ভব হতো না।
আনোয়ার হোসেন জানান, বাড়ির মালিক ভালো হওয়ায় মাসে মাত্র এক হাজার ৫০০ ডলার ভাড়া দিয়ে থাকেন তাঁরা। তবে বাসার কোনো কিছু নষ্ট হলে সেগুলো নিজেদের ব্যয়েই সারাতে হয়। দিতে হয় বিদ্যুৎ, গ্যাস ও ইন্টারনেট বিল। তবে ছোট এই বাসাটিও ছেড়ে দেওয়ামাত্র এর ভাড়া সাড়ে তিন হাজার হাজার থেকে চার হাজার ডলার হবে।
আনোয়ার হোসেন বলেন, বর্তমান পরিস্থিতিতে এই এলাকায় বাংলাদেশি তেমন নেই বললেই চলে। বাংলাদেশি নতুন প্রজন্ম ভালোভাবে দাঁড়াতে পারলে হয়তো এখন থেকে ১০/১৫ বছর পর বাংলাদেশের কেউ কেউ এ এলাকায় বসবাস করার চিন্তাভাবনা করবেন, বর্তমানে যা একেবারেই দুঃস্বপ্ন।