ম্যানহাটনে আরও কিছু সড়কে গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা
ব্যস্ত কর্মদিবসে পুরো মিডটাউন ম্যানহাটনের সড়কে গাড়ি চলাচল নিষিদ্ধের ধারণা এখন কাজ করছে। নিউইয়র্ক নগর কাউন্সিলের স্পিকার কোরি জনসন ২১ অক্টোবর ১৪ স্ট্রিটের উদাহরণ দিয়ে এ ধারণার পক্ষে কথা বলেন। একই সঙ্গে একইভাবে আরও কয়েকটি সড়কে গাড়ি চলাচলে বিধিনিষেধ আরোপের সম্ভাবনার কথাও বলেন তিনি।
কোরি জনসন বলেন, ‘আমি মনে করি ১৪ স্ট্রিটের বাস চলাচলের গল্পটি নগরবাসীর জন্য রোমাঞ্চকর হয়ে উঠেছে। ১৪ স্ট্রিটে গাড়ি চলাচল বন্ধের পাইলট কর্মসূচিটি সফল হয়েছে। ওই সড়কে এমটিএর বাস সেবা আগের চেয়ে উন্নত হয়েছে। সে জন্য ৩৪, ৪২ স্ট্রিটের মতো বড় বড় সড়কগুলোর দিকে একইভাবে নজর দেওয়া উচিত। আশা করি নিউইয়র্ক নগরীর অন্য জায়গাগুলোর জন্যও এটি একটি মডেল হয়ে উঠবে।’
১৪ স্ট্রিটের পাইলট প্রোগ্রাম নগরবাসীর নিত্য চলাচল সম্পর্কে তথ্য সরবরাহ করা হচ্ছে এবং পরে ম্যানহাটনের আরও কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় প্রাইভেট গাড়ি চলাচল বন্ধ করা হবে।
নগর ও এমটিএ থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, ক্রসটাউন বাসগুলো এখন ৩০ শতাংশ দ্রুত গতিতে চলেছে। কর্মদিবসে বাস যাত্রীর সংখ্যা আগের চেয়ে ১৭ শতাংশ এবং সপ্তাহান্তে এক-তৃতীয়াংশেরও বেশি বেড়েছে। নগর পরিবহন কমিশনার পলি ট্রটেনবার্গ এই মাসের শুরুতে ইঙ্গিত দিয়েছিলেন যে, প্রাথমিক সাফল্যের পর শহরজুড়ে বাস চলাচল বৃদ্ধির ব্যবস্থা নেওয়া হবে।
স
মালোচকদের উদ্দেশে ট্রটেনবার্গ বলেন, ‘সড়কের ট্রাফিক ব্যবস্থা এমন কোনো সর্বনাশা নরকে পরিণত হয়নি। মানুষের ভয় কাটেনি বলে তারা সমালোচনা করছে। আমি আশা করি এটি শহরের অন্যান্য অংশের জন্যও একটি উদাহরণ হবে।’