ম্যানহাটনে বাড়িভাড়া সাধ্যের বাইরে যাচ্ছে
নিউইয়র্ক নগরীর অধিকাংশ এলাকার বাড়িভাড়া বেশি। এর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল হলো ম্যানহাটন। সেখানকার পরিস্থিতি দিন দিন সাধ্যের বাইরে চলে যাচ্ছে। ‘সিটি হ্যাবিট্যাটস’ গত আগস্ট মাসের ভাড়ার প্রতিবেদন পর্যালোচনা করে এই তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদন অনুযায়ী, ম্যানহাটনের স্টুডিও রুম ও এক বেডরুম-বিশিষ্ট অ্যাপার্টমেন্টের ভাড়া প্রতি মাসে গড়ে ১ শতাংশ হারে বাড়ছে। আর দুই বেডরুমের ভাড়া বেড়েছে প্রান্তিক হারে।
সংস্থাটি জানায়, আগস্টে ম্যানহাটনে একটি স্টুডিও রুমের গড় ভাড়া ছিল ২ হাজার ৩৬৩ ডলার। আর এক বেডরুম-বিশিষ্ট বাসার ভাড়া ৩ হাজার ১৯৩ ডলার। দুই বেডরুমের গড় ভাড়া ছিল ৪ হাজার ৬৯ ডলার এবং তিন বেডরুমের ৫ হাজার ৪২০ ডলার।
নিউইয়র্কের দ্বিতীয় ব্যয়বহুল এলাকা হলো গ্যামাসি অথবা ফ্যাটিরন, যেখানে একটি স্টুডিও রুমের ভাড়া ২ হাজার ৭৪১ ডলার। আর এক বেডরুমের ৩ হাজার ৬৯৩ ডলার।
তবে ম্যানহাটনের কিছু এলাকায় তুলনামূলক কম ভাড়ায়ও বাসা পাওয়া যায়। ওয়াশিংটন হাইটস এলাকায় স্টুডিও রুমের ভাড়া গড়ে ১ হাজার ৫৫০ ডলার। আর এক বেডরুমের বাসাভাড়া ১ হাজার ৮১৫ ডলার। এ ছাড়া ৯৬ স্ট্রিটের ‘লয়্যার ইস্ট সাইড’ এলাকায় স্টুডিও রুমের ভাড়া গড়ে ২ হাজার ১৫০ ডলার এবং এক বেডরুমের ২ হাজার ১৫০ ডলার।
সিটি হ্যাবিট্যাটসের তথ্যমতে, ব্রুকলিনে স্টুডিও রুমের ভাড়া জুলাই থেকে ১ শতাংশ হারে বেড়েছে। তবে আগস্টে এ বোরোতে এক বেডরুমের বাসার ভাড়া ১ শতাংশ কমেছে।
ব্রুকলিন বোরোর ব্যয়বহুল এলাকা ‘ডুমবো’। এখানে একটি স্টুডিও রুমের গড় ভাড়া ২ হাজার ৮২৩ ডলার। আর এক বেডরুমের ৪ হাজার ৯৪ ডলার। তবে ব্রুকলিনের ‘বেড-স্টয়ে’এলাকায় বাসাভাড়া তুলনামূলকভাবে কম। এখানকার স্টুডিও রুমের ভাড়া ১ হাজার ৮৮৫ ডলার। আর এক বেডরুমের ভাড়া ২ হাজার ১৮৫ ডলার। একই বরোর ‘বুশউইক’ এলাকার স্টুডিও রুমের ভাড়া গড়ে ১ হাজার ৮২২ ডলার এবং এক বেডরুমের ভাড়া ২ হাজার ১৭০ ডলার।
সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, বাসা খালি থাকার হারেও কিছু পরিবর্তন দেখা গেছে। ম্যানহাটনে জুলাই মাসের ১ দশমিক ৭৮ শতাংশ থেকে বেড়ে আগস্টে ১ দশমিক ৮৪ শতাংশে পৌঁছেছে। গত বছর একই সময়ে এ হার ছিল ১ দশমিক ৭৩ শতাংশ।