ম্যানহাটনে সিটি কাউন্সিলম্যানের আয়োজনে ঈদ পুনর্মিলনী

নিউইয়র্কের ম্যানহাটনে সিটি কাউন্সিলম্যানের আয়োজনে উৎসবমুখর পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়ে গেল। ১ জুলাই শনিবার ডিস্ট্রিক্ট ৯ এর কাউন্সিলম্যান বিল পারকিন্স ম্যানহাটনের এডাম ক্লেটন পাওয়েল জুনিয়ার স্টেট অফিস বিল্ডিং হল রুমে ‘পোস্ট ঈদ সেলিব্রেশন’ নামে এ উৎসবের আয়োজন করেন। এটি ছিল কাউন্সিলম্যান বিল পারকিন্সের দ্বাদশ বার্ষিক পোস্ট ঈদ সেলিব্রেশন।
অনুষ্ঠানে মজাদার সব খাবারে আপ্যায়িত করা হয় আগত অতিথিদের।
বর্ণাঢ্য এ আয়োজনে কাউন্সিলম্যান বিল পারকিন্স আগত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন। এ সময় অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন ম্যানহাটন আসসাফা ইসলামিক সেন্টার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইউএসএ বাংলাদেশি অর্গানাইজেশনের সভাপতি ইকবাল আহমেদ মাহবুব।
অনুষ্ঠানে কাউন্সিলম্যান বিল পারকিন্স নিজেই অন্যান্যদের সঙ্গে নিয়ে অতিথিদের মাঝে খাবার পরিবেশন।
অনুষ্ঠানে বিল পারকিন্স মুসলিম কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমেরিকায় সবার সমান অধিকার নিশ্চিত করেছে দেশটির সংবিধান। এ ধারা সমুন্নত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

স্কিম অব থিঙ্কস মাল্টিমিডিয়ার ইউসেফের সঞ্চালনায় এবং কাউন্সিলম্যান বিল পারকিন্সের লেজিসলেটিভ ডিরেক্টর তাহজ টেরিস্টেন ক্যানিথ বেরিনের সহযোগিতায় এ অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। মুসলিম উম্মাসহ কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে একে অন্যে আলিঙ্গনের মাধ্যমে ঈদ উত্তর শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় বক্তারা কাউন্সিলম্যান বিল পারকিন্সকে মুসলিম কমিউনিটির অকৃত্রিম বন্ধু হিসেবে আখ্যায়িত করেন। তারা বলেন, কাউন্সিলম্যান বিল পারকিন্সের উদ্যোগে ইসলামি সংস্কৃতিকে পৃষ্ঠপোষকতার যে প্রয়াস নেওয়া হয়েছে তা ইতিহাস হয়ে থাকবে।
অনুষ্ঠানে ইকবাল আহমেদ মাহবুব ঈদুল ফিতর ও ঈদুল আজহার ঈদ জামাত ম্যানহাটানের সুবিশাল রিভার ব্যাংক স্টেট পার্কের খোলা মাঠে করার প্রস্তার রাখেন। সবাই এ প্রস্তাব সমর্থন করেন। কাউন্সিলম্যান বিল পারকিন্সও এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।