ম্যানহাটনের লেক্সজিনটন অ্যাভিনিউয়ে ক্যাবিদের আড্ডা

নিউইয়র্কের ক্যাবিরা যাত্রীদের গন্তব্যে পোঁছাতে ছুটে যান শহরের বিভিন্ন প্রান্তে। যাত্রী নামিয়ে দেওয়ার পর আবার গাড়ি চালাতে থাকেন নতুন যাত্রীর খোঁজে। কেউ সকাল থেকে সন্ধ্যা, আবার কেউ রাত থেকে সকাল পর্যন্ত কাজ করেন। ফাঁকে তারা দুই একবার বিরতি নেন। কর্মের ভেতর ক্লান্তি দুর করতে চা নাশতা অথবা খাবার খেয়ে ঘণ্টা খানিক আড্ডা দিয়ে পুনরায় চালানো শুরু করেন ক্যাব। এই আড্ডা বা বিরতির মূল কেন্দ্রস্থল হলো ম্যানহাটনের লেক্সজিনটন অ্যাভিনিউর সাতাশ স্ট্রিট।
এই জায়গাতে গেলেই দেখা যায় সারি সারি ইয়ালো ক্যাব এবং কালো ক্যাব দাঁড়িয়ে আছে। ক্যাবিরা সেখানে গল্প, আড্ডা এবং চা-নাশতা নিয়ে ব্যস্ত। এসব আড্ডায় পরিচিত বা কাছের কেউ বাদ পড়লে ফোন করে তাকেও আনেন তারা।
ম্যানহাটন সিটির বিভিন্ন ব্লকে চোখে পড়ে আমেরিকান রেস্তোরাঁ। কিন্তু লেক্সজিনটনে দেখা যায়, ইন্ডিয়ান, পাকিস্তানি এবং বাংলাদেশি রেস্তোরাঁ। বাংলাদেশি মালিকানাধীন বেশ কয়েকটি রেস্তোরাঁ এবং কফির দোকানেই মূলত বাঙালি ক্যাবিদের আড্ডা। রেস্তোরাঁর বাইরে চা হাতে নিয়েও গল্প গুজবে মত্ত থাকতে দেখা যায় তাঁদের।
ক্যাবি রিয়াজ উদ্দিন জানান, ‘এখানে আসলেই মনটা ভালো হয়ে যায়। স্বদেশি খাবার পাওয়া যায় স্বল্প মূল্যে। তাই কাজের ফাঁকে একবার হলেও এখানে আসি।’
আরেক ক্যাবি আলী নেওয়াজ জানান, ‘আমরা আমেরিকান যে কোনো দোকানে গিয়ে শৌচাগার ব্যবহার করতে পারি না। এখানে এসে অনায়াসে শৌচাগার ব্যবহার করতে পারি। এ ছাড়া পছন্দের খাবারও কিনে খাই। শত শত ক্যাবি ঘোরাঘুরি করে। তাদের সঙ্গে কথা বলি, আড্ডা দিই, মনটা যেন ফুরফুরে হয়ে যায়। এরপর আবার স্বচ্ছন্দে কাজে নেমে পড়ি।’
কালো ক্যাবি (উবার) আসাদুজ্জামান ও টিপু সুলতান জানান, ‘পাঁচ বোরেতে আমরা যাত্রী উঠানামা করি, মাঝে মধ্যে নিউজার্সির অন্য স্টেটেও যাই। কিন্তু বেশির ভাগই লক্ষ্যে থাকে লেক্সজিনটনের দিকে। একটা যাত্রী যখন এই অ্যাভিনিউর আশপাশে পাই তখন মনে খুব আনন্দ জাগে। যাত্রী নামিয়ে দিয়ে ফোনের এফ বন্ধ করে সাতাশ স্ট্রিটে গাড়ি পার্ক করে কিছু সময় ব্যয় করি। তখন মনে হয় আমাদের ক্লান্তি দুর হয়ে গেছে।’
ক্যাবি সালাউদ্দিনের কাছে আড্ডার প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান, ক্যাবিদের জমজমাট আড্ডায় উঠে আসে দেশের রাজনীতি, সমাজনীতি, পরোপকার এবং নিউইয়র্কের আঞ্চলিক সংগঠনের সাংগঠনিক বিষয়াদি। বেশ মজা করেই এ সব আলাপচারিতা হয়। অনেকেই সুযোগ করে এই সময়ে পরিবারের জন্য মানি ট্রান্সফার থেকে টাকা পাঠান।
এদিকে, ক্যাবিদের কারণে দোকান মালিকেরাও বেশ উৎসাহী। জমজমাট ব্যবসা করছেন তাঁরা। সেখানকার ব্যবসায়ীদের কাছে ক্যাবিদের কদর বেশি। কারণ এক ক্যাবির কারণে অন্য ক্যাবিরাও তাঁদের দোকানে আসে।
অপরদিকে লেক্সিন্টন ২৭ স্ট্রিট ছাড়াও ম্যানহাটনের আরও বেশ কয়েকটি জায়গায় বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানি রেস্তোরাঁ গড়ে উঠেছে। ওয়েস্ট সাইটের এক শ পাঁচ স্ট্রিট এবং কলম্বাস অ্যাভিনিউতে রয়েছে স্বদেশি রেসিপির রেস্তোরাঁ। নয় অ্যাভিনিউ এবং ছত্রিশ স্ট্রিটে রয়েছে দুটি রেস্তোরাঁ। ডাউন টাউন এবং এক অ্যাভিনিউ এবং এগারো স্ট্রিটের আশপাশের স্ট্রিট গুলোতেও রয়েছে স্বদেশি রেসিপির রেস্তোরাঁ। সেখানেও ক্যাবিরা কাজের ফাঁকে ঘণ্টা
খানিক বিরতি এবং আড্ডার মধ্যে নিজেকে সতেজ করে পুনরায় কাজে নেমে পড়েন।