
যুক্তরাষ্ট্রের গোপন সরকারি তথ্য ফাঁস করে সামরিক আদালতে সাজাপ্রাপ্ত সেনাসদস্য চেলসি ম্যানিংয়ের দণ্ড কমালেন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা। লাখ লাখ গোপন নথি ফাঁস করে বিশ্বজুড়ে আলোড়ন তোলা ওয়েবসাইট উইকিলিকসকে তথ্য সরবরাহের দায়ে ২০১৩ সালে তাঁকে ৩৫ বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত।
এদিকে, লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে কয়েক বছর ধরে আশ্রয় নিয়ে থাকা উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ নিজেকে মার্কিন কর্তৃপক্ষের হাতে সমর্পণ করবেন না বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষের মাত্র কয়েক দিন আগে মঙ্গলবার বারাক ওবামা ৬৪ জনের সাজা মওকুফ এবং ম্যানিংসহ আরও ২০৯ জনের সাজা কমানোর নির্দেশ দেন। ফলে ম্যানিং আগামী মে মাসেই মুক্তি পাবেন।
ম্যানিং যুক্তরাষ্ট্রের ৭ লাখ সংবেদনশীল সামরিক ও কূটনৈতিক নথি ফাঁসের কথা স্বীকার করেছেন। আগে ব্র্যাডলি ম্যানিং হিসেবে পরিচিত এই সেনাসদস্য পরে নিজেকে নারী দাবি করে চেলসি নাম নেন।
ওবামার সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন রিপাবলিকানরা। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ান বলেন, ‘এটা সাংঘাতিক পদক্ষেপ। ম্যানিংয়ের রাষ্ট্রদ্রোহিতা যুক্তরাষ্ট্রের মানুষের জীবন হুমকিতে ফেলেছে। তিনি আমাদের দেশের সর্বোচ্চ সংবেদনশীল গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন। ওবামা এক বিপজ্জনক নজির রেখে গেলেন।’
এদিকে অ্যাসাঞ্জের একজন আইনজীবী জানিয়েছেন, ম্যানিংয়ের সাজা কমার ঘটনার পরিপ্রেক্ষিতে অ্যাসাঞ্জ আপাতত যুক্তরাষ্ট্রে যাবেন না। তাঁর এ বক্তব্যের আগে উইকিলিকস এক টুইটে বলেছিল, প্রেসিডেন্ট ওবামা ম্যানিংয়ের প্রতি অনুকম্পা প্রদর্শন করার পরিপ্রেক্ষিতে সব অধিকার নিশ্চিত করা হলেই কেবল বিচারের মুখোমুখি হতে যুক্তরাষ্ট্রে যেতে সম্মত হবেন তাঁদের প্রতিষ্ঠাতা। তবে আইনজীবী পরে বলেন, যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রতিশ্রুতি নির্ভর করছিল অবিলম্বে ম্যানিংয়ের মুক্তির ওপর। কিন্তু ম্যানিং শিগগিরই মুক্তি পাচ্ছেন না বলে অ্যাসাঞ্জও নিজেকে যুক্তরাষ্ট্রের কাছে তুলে দেবেন না।
১২০ দিনের অন্তর্বর্তীকালীন সময়ের কারণে ম্যানিং মের আগে ছাড়া পাচ্ছেন না।
রাশিয়ায় স্নোডেনের বসবাসের অনুমতি বাড়ল
বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনলাইন তৎপরতায় যুক্তরাষ্ট্রের গোপন নজরদারির খবর ফাঁস করে ওয়াশিংটনের রোষানলে পড়া এডওয়ার্ড স্নোডেনের রাশিয়ায় বসবাসের অনুমতি দুই বছরের জন্য বাড়াল রুশ কর্তৃপক্ষ।