ম্যারাথনের বড় ৬ আসরেই যেতে চান তায়েফ
টেলিভিশনে দেখতে দেখতে ম্যারাথনের প্রতি আকর্ষণ বাড়ে তায়েফ রহমানের। ১৯৯৯ সালে অভিবাসী ভিসায় বাবা–মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে আসেন তিনি। কুইন্স কলেজে ফিন্যান্সের বিবিএ শেষ করে তিনি নিউইয়র্ক স্টেট কোর্ট প্রশাসনে ১১ বছর ধরে কোর্ট অ্যানালিস্ট হিসেবে কাজ করছেন।
সহকর্মী মেরি ক্লাউড (৬০) ক্যানসারের সঙ্গে লড়ছেন। তাঁর ম্যারাথনের অংশ নেওয়ার কথা শুনে তিনিও ম্যারাথনে অংশ নিতে আগ্রহী হয়ে উঠেন। মেরি ক্লাউডের কাছ থেকে বিভিন্ন তথ্য নিয়ে ম্যারাথনে অংশ নেওয়ার প্রস্তুতি শুরু করেন তিনি।
নিউইয়র্ক ম্যারাথন নিছক কোনো ম্যারাথন নয়। এটি ঐতিহাসিক ও পৃথিবীর সবচেয়ে বড় ম্যারাথন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণও মর্যাদার বিষয়। হাজার হাজার প্রতিযোগী এতে অংশ নেন। এর মাধ্যমে তারা মানবতার কল্যাণে কাজ করে এমন সংস্থার অর্থ সংগ্রহ করে। তায়েফও এই মহতী কাজে শরিক হতে চান।
তায়েফ ২০১৬ সালে ম্যারাথনে শুধু স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন। তারপর ২০১৭ সালে নিউইয়র্ক ম্যারাথনে অংশ করেন। সারা পৃথিবীর মানুষের অংশগ্রহণে প্রতিবছর এই ম্যারাথন হয়ে ওঠে বিশ্ব ম্যারাথন, হয়ে ওঠে মানুষের মিলনমেলা।
স্ট্যাটেন আইল্যান্ডের ভেরাজোনা সেতু থেকে ম্যারাথন শুরু হয়, আর শেষ হয় ম্যানহাটনের সেন্ট্রাল পার্কে। লাখ লাখ মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে করতালি দিয়ে প্রতিযোগীদের উৎসাহ দেন। চাইলে যে কেউ এই ম্যারাথনে অংশ নিতে পারেন। তায়েফ বলেন, যেকোনো বয়সের সুস্থ বা প্রতিবন্ধী মানুষ এই ম্যারাথনে অংশ নিতে পারেন।
প্রতি বছর উল্লেখযোগ্য প্রতিবন্ধী হুইল চেয়ারে করে ম্যারাথনে অংশ নেন। বেশ কিছু দৃষ্টিহীনও এতে অংশ নিয়ে থাকেন। যারা চোখে দেখতে পান না, তাদের জন্য এতটা পথ দৌড়ানো খুবই বিপজ্জনক। তাদের আরেকজন স্বাভাবিক দৌড়বিদের সঙ্গে একটি ফিতা-দিয়ে সংযুক্ত করে দেওয়া হয়। যাতে করে দৌড়ানোর সময় তারা পড়ে না যান। ২০১৭ সালে ম্যারাথনে অংশ নিতে এসে এই বিষয়টা তার মন ছুঁয়ে যায়। শুধু ইচ্ছে শক্তির বলে যে কেউ তার যোগ্যতা প্রমাণ করতে পারে।
২০১৯ সালে বার্লিনে ম্যারাথনে অংশ নেন তায়েফ। টেনিসের গ্র্যান্ড স্লামের ঢংয়ে সারা বিশ্বের ছয়টি বড় ম্যারাথন প্রতিযোগিতা বোস্টন, লন্ডন, বার্লিন, টোকিও, শিকাগো ও নিউইয়র্ক। এবার বোস্টন ম্যারাথনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তায়েফ।
বিশ্বের সবচেয়ে বড় ছয় শহরের ম্যারাথনের পয়েন্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ ম্যারাথনে যোগ হয়। অলিম্পিক ম্যারাথনে সফলদের পয়েন্ট যোগ করা হয় মৌসুমের শেষে পয়েন্টের খাতায়। যিনি এগিয়ে থাকেন, তাঁকেই বিশ্ব চ্যাম্পিয়ন বলে ধরা হয়।
বোস্টন ম্যারাথনে নামার প্রথম যোগ্যতা বয়স ১৮ বছর হতে হবে। বোস্টন ম্যারাথনের জন্য বছর দেড়েক আগেই হয়ে যায় যোগ্যতা নির্ণায়ক পর্ব। ১৮-৩৪ বছরের প্রতিযোগীদের দৌড়াতে হয় ৩ ঘণ্টা ৫ মিনিট। পরের বিভাগ ৩৫-৩৯৷ এভাবে বাড়তে থাকে। বয়স বাড়ার সঙ্গে সময় বাড়তে থাকে। যোগ হয় ৫ মিনিট করে।
তায়েফের বোস্টন ম্যারাথনের জন্য ৩ ঘণ্টা ১০ মিনিটের টার্গেট সম্পূর্ণ করতে হবে। তিনি ৯ বছর ধরে প্রতিদিন ৫ কিলোমিটার করে দৌড়ান। করোনার মধ্যেও প্রতিদিন দৌড় চর্চা চালিয়ে যাচ্ছেন। ম্যারাথনে যোগ দেওয়ার আগে চার মাস নিয়মিত সপ্তাহে ৫০/৬০ মাইল দৌড়াতে হবেই।
চার ভাই–বোনের মধ্যে তায়েফ দ্বিতীয়। স্ত্রী জান্নাত রহমান ও দুই ছেলে জিবরান এবং জহরানকে নিয়ে নিউজার্সিতে তায়েফ বসবাস করছেন।
ছয়টি ম্যারাথনে অংশ নিয়েছেন প্রায় ৬ হাজার প্রতিযোগী। এখন পর্যন্ত বাংলাদেশের পতাকা সেখানে দেখা যায়নি। বাংলাদেশের কয়েকজন ৩/৪টি বিশ্বের বৃহত্তম ম্যারাথনে করেছেন, কিন্তু ছয়টি এখনো পর্যন্ত করতে পারেননি। তায়েফের ইচ্ছে তিনি ৬টি মেজর করে বাংলাদেশের নাম উজ্জ্বল করবেন। কেউ যদি ম্যারাথনে অংশ নিতে চায়, তাহলে অনলাইনে নিউইয়র্ক রোড রানার–এর সঙ্গে যুক্ত হতে পারেন বা অনলাইনে অন্য কোনো ম্যারাথন ট্রেনিং প্ল্যান দেখে তাদের সাহায্য নিতে পারেন।
তায়েফ আগ্রহীদের উদ্দেশ্য বলেন, অবশ্যই কিছু বিষয় খেয়াল করে আসতে হবে। প্রথম ম্যারাথনে অংশগ্রহণ করলে পর্যাপ্ত প্রস্তুতি নিতে হবে। প্রথমে অল্প দূরত্বে, এরপর ধীরে ধীরে দূরত্ব বাড়িয়ে অভ্যস্ত হতে হবে। শারীরিক সমস্যা থাকলে অবশ্যই ম্যারাথনে অংশ নেওয়ার আগে ডাক্তারের সঙ্গে পরামর্শ নিতে হবে।
দৌড় প্রতিযোগিতা উপভোগ করা যায়, যদি তা রাস্তায় চলাচলকারী অন্যদের বিরক্তির বা সমস্যার কারণ না হয়। রাস্তায় চলাচলকারী যানবাহন থেকে নিরাপদ থেকে দৌড়াতে হবে। দৌড়ের সময় শরীর সতেজ রাখতে হবে। এ সময় আরামদায়ক কাপড় পরিধান করতে হবে, যাতে ঘামে সমস্যা না হয়। মাথায় ক্যাপ পরলে খেয়াল রাখতে হবে, যাতে বায়ু চলাচল ব্যাহত হয়ে মাথার উত্তাপ সৃষ্টি না হয়।
তায়েফের পরামর্শ, আগে শারীরিক আঘাত থাকলে দৌড়ে অংশ নেওয়ার দরকার নেই। দৌড়ের সময় পায়ের পেশিতে টান পড়লে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। দৌড়ের জন্য পর্যাপ্ত পানি পান গুরুত্বপূর্ণ। শরীরে পানিস্বল্পতা যাতে না সৃষ্টি হয়, সে জন্য দৌড়ের ২ ঘণ্টা আগেই পর্যাপ্ত পানি পান করতে হবে। এ ছাড়া অধিক দূরত্বের দৌড়ের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময় পরপর পানি বা অন্য ফ্লুয়িড গ্রহণ করতে হবে।