ম্যারিল্যান্ডে বসন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রীষ্ম , হেমন্ত , শীত ও বসন্ত—এই চার ঋতুর দেশ আমেরিকা। মার্চ, এপ্রিল, মে—এই তিন মাস বসন্ত এখানে। শীতের পরই ঋতুরাজ বসন্ত আসে। মনে হয় যেন সে মাথায় সৌন্দর্যের মুকুট নিয়ে এসেছে। আহা বসন্ত!
বসন্তে প্রকৃতিতে এক অনুপম দোলা লাগে। তুষারপাত আর কনকনে শীতের অবসান ঘটে। শীতের রুক্ষতার কারণেই বসন্তকে এত বেশি কোমল মনে হয়। এ সময় গাছে গাছে নতুন পাতা ও ফুল ফোটে। পাতাগুলোও নানা রঙের বাহারে আবৃত থাকে। পাখিরা গাছের ডালে বাসা তৈরি করে, দল বেঁধে ঘুরে ঘুরে তোলে নানা সুর। চোখজুড়ানো অপার সৌন্দর্য ও স্নিগ্ধতা এ সময় প্রকৃতিতে ছড়িয়ে যায়। মনে হয় শিল্পী তার নিজ হাতে এঁকেছেন এই পট।
বসন্তের সময় বিকেলে শিশু-কিশোরেরা দল বেঁধে খেলতে বের হয়, কেউ কেউ বের হয় হাঁটতে। বাঙালি পরিবারগুলোতে শুরু হয় শখের বাগান করা। তারা ফুল, ফল ও সবজির চারা রোপণ করে। আর সবচেয়ে লক্ষণীয় ব্যাপার হলো অনেক সংস্কৃতিতে বসন্ত উদ্‌যাপন করা হয় নানা ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে। এ বছর মেরিল্যান্ডে বসন্তে প্রদর্শনী ও মেলার আয়োজন করা হয়েছে। আগামী ১৮ এপ্রিল ‘স্প্রিং প্ল্যান্ট সেল’-এর আয়োজন করা হয়েছে হিস্টোরিক লন্ডন টাউনে। আর ২৫ এপ্রিল রয়েছে ম্যারিল্যান্ড হাউস অ্যান্ড গার্ডেন পিলগ্রিমেজের আয়োজন। চাইলে আপনিও ঘুরে আসতে পারেন এসব আয়োজনে, মেতে উঠতে পারেন বসন্তের উৎসবে। তবে যাওয়ার আগে অবশ্যই জেনে নেবেন করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ইভেন্টগুলো বাতিল হয়ে গেছে কি না।