ম্যারিল্যান্ডে বৈশাখী জলসা ২২ এপ্রিল
বাংলা নববর্ষকে বরণ করতে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে আয়োজন করা হচ্ছে বৈশাখী জলসার। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আমেরিকা (বিএএআই) উদ্যোগে আগামী ২২ এপ্রিল এ জলসা হবে। ক্যাবিন জন মিডেল স্কুল অডিটোরিয়ামে ওই দিন বিকেল চারটা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলবে এ আয়োজন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে বিকেল চারটায় শুরু হবে জলসার কার্যক্রম। এতে ৪ থেকে ৮ এবং ৯ থেকে ১২ বছরের শিশুরা দুই ভাগে অংশ নিতে পারবে। থাকবে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতাও। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে শিশু কিশোরদের অনুষ্ঠান। ৭টায় বরণ করে নেওয়া হবে বাংলা নতুন বছর ১৪২৪কে। রাত পৌনে ৮টায় মঞ্চস্থ হবে নাটক হাসন রাজা। এরপর পালা গানের আসরের মধ্য দিয়ে শেষ হবে বৈশাখী জলসা।
প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের সঙ্গে ৩০ মার্চের মধ্যে যোগাযোগ করতে হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।