ম্যারিয়টে কনভেনশনের সব প্রস্তুতি সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিট দ্য প্রেস অনুষ্ঠানে ফোবানার একাংশের আয়োজক কমিটির নেতৃবৃন্দ
মিট দ্য প্রেস অনুষ্ঠানে ফোবানার একাংশের আয়োজক কমিটির নেতৃবৃন্দ

নিউইয়র্কের লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলে তিন দিনব্যাপী ৩৩তম ফোবানা কনভেনশন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ৩০-৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর ফোবানার একাংশ আয়োজিত এবারের কনভেনশনের স্লোগান হচ্ছে ‘বাংলাদেশি শিল্প সংস্কৃতি, কৃষ্টি অনুশীলনের এক উর্বর ভূমি এবং গেটওয়ে’। কনভেনশনে প্রধান অতিথি থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফয়েজ।

নগরের জ্যাকসন হাইটসের একটি হোটেলে ফোবানার একাংশ ২২ আগস্ট আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব তথ্য জানায়। আয়োজকেরা কনভেনশন সফল করতে সব প্রবাসী বাংলাদেশির সার্বিক সহযোগিতা কামনা করেন। এবার আমেরিকার লেবার ডে উইকেন্ডে আয়োজন করা হচ্ছে ফোবানা সম্মেলন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কনভেনশনের সদস্যসচিব ফিরোজ আহমেদ। বিস্তারিত জানিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন কনভেনশনের আহ্বায়ক শাহ নেওয়াজ। পরে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন খান, আলী ইমাম শিকদার, শাহ নেওয়াজ, গিয়াস আহমেদ ও আবু জাফর মাহমুদ।

মিট দ্য প্রেস অনুষ্ঠানে ফোবানা স্টিয়ারিং কমিটির এক্সিকিউটিভ সেক্রেটারি কাজী সাখাওয়াত হোসেন আজমসহ ফোবানা এবং কনভেনশনের হোস্ট সংগঠন বাংলাদেশি-আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটি অব নিউইয়র্কের কর্মকর্তাদের মধ্যে মোর্শেদ আলম, আতিকুর রহমান ইউসুফজাই সালু, ডা. মাসুদুর রহমান, কাজী আশরাফ হোসেন নয়ন, তৈমুর জাকারিয়া, নিশান রহীম, খন্দকার ফরহাদ, সাদেক আহমেদ, আবু তালেব চৌধুরী চান্দু, মিজানুর রহমান ভূঁইয়া মিলটন, মাকসুদুল হক চৌধুরী, সৈয়দ এনায়েত আলী, গোলাম মোস্তফা, আনাফ আলম, বদিউল আলম, ডা. নার্গিস রহমান, লিটন চৌধুরী, মো. শাহাদত হোসেন রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ফোবানা ও কনভেনশন কমিটির নেতৃবৃন্দ জানান, তিন দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন হবে ৩০ আগস্ট শুক্রবার সন্ধ্যায়। পরের দুদিনের অনুষ্ঠানের মধ্যে থাকবে আলোচনা, সেমিনার, দেশ ও প্রবাসের শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি। এ ছাড়া ২৮ আগস্ট বিকেল ৩টায় জ্যাকসন হাইটস থেকে শুরু হবে গাড়ি র‌্যালি বা শোভাযাত্রা। বর্ণাঢ্য এই র‍্যালি বিভিন্ন বরো প্রদক্ষিণ করবে।

অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে ফোবানা নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ আর আমেরিকার মূলধারার সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ত করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলার মধ্য দিয়ে নিজেদের ঐক্য গড়ার লক্ষ্যে যে ফোবানার জন্ম, সেই লক্ষ্য সামনে রেখেই এবারও কনভেনশন আয়োজন করা হচ্ছে। লাগোর্ডিয়া ফোবানা কনভেনশনে উত্তর আমেরিকার শতাধিক সংগঠন অংশ নেবে এবং ৫৭ জন শিল্পী পারফর্ম করবে। সেই সঙ্গে ঢাকার জনপ্রিয় তারকারাও এতে অংশ নেবেন।

এক প্রশ্নের উত্তরে নেতৃবৃন্দ বলেন, ‘ফোবানা আইকন’ নামে আমাদের কোন বিষয় নেই। আইকন মনোনীত করে অর্থ আদায় চাঁদাবাজির শামিল। আমরা কোন চাঁদাবাজি করছি না বা কাউকে নির্ধারিত অর্থ দিতে চাপ দিচ্ছে না। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের স্বেচ্ছাপ্রণোদিত অনুদানেই ফোবানা কনভেনশন আয়োজন করা হচ্ছে।

আরেক প্রশ্নের জবাবে আয়োজকেরা জানান, নিউইয়র্ক সিটি মেয়রসহ স্টেট ও সিটি প্রশাসনের নির্বাচিত প্রতিনিধিদের কনভেনশনে দাওয়াত দেওয়া হলেও এ পর্যন্ত তাদের কাছ থেকে কোন সাড়া পাওয়া যায়নি। এ ছাড়া বাংলাদেশের স্পিকারসহ দেশের গুরুত্বপূর্ণ অনেককেই আমন্ত্রণ জানানো হলেও তাদের সম্মতি পাওয়া যায়নি। নেতৃবৃন্দ বলেন, ‘ফোবানার বিভক্তির দায় আমরা এড়াতে পারব না, তবে ভবিষ্যতে বাস্তবভিত্তিক প্রক্রিয়ায় আমরা ঐক্যবদ্ধ হতে চাই।’ তাঁরা বলেন, ফোবানা নিয়ে মামলা-মোকদ্দমা হলেও আগামী ৩০-৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বরের কনভেনশন নিয়ে আদালতের কোনো নিষেধাজ্ঞা নেই বা কোন বাধাও নেই। তবে আগামী ৯ সেপ্টেম্বর মামলার পরবর্তী তারিখ রয়েছে।

আহ্বায়ক শাহ নেওয়াজের লিখিত বক্তব্য
অনুষ্ঠানে ফোবানা কনভেনশনের এই অংশের আহ্বায়ক শাহ নেওয়াজ লিখিত বক্তব্যে বলেন, ৩০ আগস্ট তিনটি মহান দেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে ৩৩তম ফোবানা কনভেনশনের উদ্বোধন ঘোষণা হবে। নর্থ আমেরিকায় ফোবানা মাথা উঁচু করে দাঁড়াবে। ম্যারিয়ট হোটেলের পুরো ক্যাম্পাসে ভেসে উঠবে লাল-সবুজের একটি ছোট্ট বাংলাদেশ। উত্তর আমেরিকায় ফোবানা হচ্ছে বাংলাদেশি শিল্প, সংস্কৃতি ও কৃষ্টি অনুশীলনের এক উর্বর ভূমি ও গেটওয়ে। এই সিঁড়ি পথ বেয়ে গত ৩২ বছর নিরবচ্ছিন্নভাবে নর্থ আমেরিকায় বাংলাদেশের জাতীয় বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সাংবাদিক, কবি, সাহিত্যিক, নাট্যশিল্পী, চিত্র জগতের নায়ক-নায়িকা, ব্যবসায়ীসহ একই সঙ্গে পথ হেঁটেছি।

লিখিত বক্তব্যে বলা হয়, এই কনভেনশনে সবাই আমন্ত্রিত। আসুন লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলে ফোবানা কনভেনশনের আনন্দ উচ্ছ্বাসের বন্যায় আমরা সবাই একত্রে অবগাহন করি। ফোবানার সীমাহীন আনন্দ ও উচ্ছ্বাস উত্তর আমেরিকায় ছড়িয়ে দিই। ফোবানা হচ্ছে এই অঞ্চলের সর্ববৃহৎ জাতীয়ভিত্তিক সংগঠন। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এই অঞ্চলে মূলধারার রাজনীতি শিক্ষা ও বিজ্ঞানে আমাদের ভবিষ্যতে প্রজন্মকে সম্পৃক্ত করার মধ্যে দিয়ে এক নতুন লিটল বাংলাদেশ গড়ে তুলি। বিশ্ববাসীর কাছে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে সঠিকভাবে উপস্থাপন করি এবং ফাউন্ডেশন অব স্টুডেন্ট অ্যান্ড ইয়ুথ লিডারশিপ প্রতিষ্ঠায় দায়িত্ব পালন করি।

শাহ নেওয়াজ বলেন, আমরা সবাই আজ গভীর দুঃখ, বেদনা ও ভারাক্রান্ত মন নিয়ে এ কথা স্বীকার করতে বিন্দুমাত্র বাধা নেই, শত চেষ্টার পরও শেষ পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ ফোবানা কনভেনশন করতে পারলাম না। এই বিভাজন ও বিভক্তির ফোবানা কনভেনশনের জন্য আজ আমরা কাউকে দোষারোপ ও দায়ী করছি না। এটা আমাদেরও দুর্ভাগ্য এবং ফোবানারও দুর্ভাগ্য। আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন আর বিভক্তি ও বিভাজন নয়। ভবিষ্যতে ঐক্যবদ্ধ হয়ে পথ চলতে চাই এবং ঐক্যবদ্ধ ফোবানা কনভেনশন করতে চাই।’