ম্যার্কেলের সঙ্গে এ কেমন আচরণ ট্রাম্পের!

হোয়াইট হাউসে গতকাল শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। সংবাদ সম্মেলনের পর তাঁরা করমর্দন করেছিলেন। তবে ওভাল কার্যালয়ে গণমাধ্যমের সামনে ম্যার্কেল দ্বিতীয়বার করমর্দনের প্রস্তাব দিলে অদ্ভুত আচরণ করেন ট্রাম্প।
এএফপি ও বিবিসির খবরে জানা যায়, হোয়াইট হাউসের ওভাল কার্যালয়ে বসে ম্যার্কেলের করমর্দনের প্রস্তাবে ট্রাম্প এমন ভাব করেন যেন কিছুই শুনতে পাচ্ছেন না। দ্বিতীয়বার ম্যার্কেল করমর্দনের প্রস্তাব দেন। এবারও ট্রাম্প একই আচরণ করেন। এরপর কিছুটা অপ্রস্তুত অবস্থায় পড়েন ম্যার্কেল। তাতেও ট্রাম্প নির্বিকার থাকেন। অল্পক্ষণের মধ্যেই পরিস্থিতি সামলে নেন ম্যার্কেল। সাংবাদিকদের দিকে তাকিয়ে স্মিত হাসেন।
অভিবাসী, বাণিজ্যসহ বিভিন্ন ইস্যুতে ট্রাম্প-ম্যার্কেলের দ্বিমত রয়েছে। দুজনেই এসব ইস্যুতে একে অন্যের সিদ্ধান্তের সমালোচনা করেছেন।