ম্যাসপ্যাথ হাইস্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
নিউইয়র্ক নগরের ম্যাসপ্যাথ হাইস্কুলের অধ্যক্ষসহ কয়েকজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত শুরু হয়েছে। অভিবাসীবহুল এ স্কুলটি ২০১১ সালে প্রতিষ্ঠার পর থেকে নানা অনিয়মে জড়িয়ে পড়েছেন প্রধান শিক্ষকসহ বেশ কয়েকজন কর্মকর্তা।
অভিযোগের পরিপ্রেক্ষিতে নগরের শিক্ষা বিভাগের এক তদন্তে দেখা গেছে, অধ্যক্ষ খোরশিদ আবদুল মোকাব্বির শিক্ষার্থীদের গ্রেড বাড়িয়ে দেওয়ার জন্য অন্যদের প্ররোচিত করেছেন। তাঁর বিরুদ্ধে অসদাচরণ এবং অপেশাদারি কথাবার্তা বলার প্রমাণ পাওয়া গেছে। শিক্ষা বোর্ডের অধীনে স্পেশাল কমিশনার অব ইনভেস্টিগেশন তদন্ত করে ২০১৫ সাল থেকে শুরু হওয়া নানা ঘটনার প্রমাণ পাওয়া গেছে বলে রিপোর্ট জমা দিয়েছেন।
তদন্ত প্রতিবেদনে শিক্ষার্থীদের নাম উল্লেখ না করে বলা ছদ্মনামে চিহ্নিত করে কীভাবে শিক্ষা কার্যক্রমে পরীক্ষার ফলাফলকে গুরুত্ব না দিয়ে পাস করিয়ে দেওয়া যায়, এ জন্য অন্য শিক্ষককে নির্দেশ দিয়েছেন বলে বিবরণ রয়েছে। কোনো এক শিক্ষকের উদ্দেশ্য খোরশিদ মোকাব্বির বলেছেন, আমরা শিক্ষার্থীদের জীবন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার জন্য এখানে আসিনি। জীবন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার জন্য কলেজ রয়েছে।
তদন্তে দেখা গেছে, স্কুলটির দুই সহকারী প্রিন্সিপাল জেসি পেচটার এবং স্টিফান সিং, প্রিন্সিপাল খোরশিদ আবদুল মোকাব্বিরের সঙ্গে যোগসাজশ করে নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। তদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রিন্সিপাল খোরশিদ আবদুল মোকাব্বিরের বিরুদ্ধে শিগগির শুনানি অনুষ্ঠিত হবে। প্রিন্সিপালসহ অন্য অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে শিক্ষা বোর্ড।
স্থানীয় সিটি কাউন্সিলর রবার্ট হোল্ডেন স্কুলের প্রিন্সিপাল ও শিক্ষকদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অসদাচরণের অভিযোগ আসার পরও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য নগরের শিক্ষা বিভাগ অতিরিক্ত সময় ক্ষেপণ করছে বলে অভিযোগ করেছেন।