ম্যুলারকে ব্যক্তিগত আক্রমণ ট্রাম্পের

সাবেক বিশেষ কৌঁসুলি রবার্ট ম্যুলারের ওপর প্রচণ্ড খেপেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ম্যুলারকে ব্যক্তিগত আক্রমণ করতেও ছাড়ছেন না ট্রাম্প।
বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, বুধবার ম্যুলারের বিবৃতির পরিপ্রেক্ষিতে তাঁর ওপর ভীষণ চটেছেন ট্রাম্প। তিনি ক্ষুব্ধ হয়ে ম্যুলারকে ‘পুরোপুরি সাংঘর্ষিক’ ব্যক্তি বলেও বর্ণনা করেছেন।
বুধবার ওয়াশিংটনে এক লিখিত বক্তব্যে ম্যুলার বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প কোনো অপরাধ করেননি, এ বিষয়ে নিশ্চিত হলে তিনি তাঁর প্রতিবেদনে সে কথা স্পষ্ট করে বলতেন। তবে প্রেসিডেন্ট কোনো অপরাধ করেছেন, এমন কোনো সিদ্ধান্তও তিনি গ্রহণ করেননি। বিচার বিভাগের নীতিমালা অনুযায়ী, কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টকে অভিযুক্ত করা তাঁর এখতিয়ারের বাইরে ছিল। এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য মার্কিন শাসনতন্ত্রে ভিন্ন ব্যবস্থা রয়েছে। এ বিষয়ে তাঁর অতিরিক্ত আর কিছু বলার নেই, কংগ্রেসের সামনে কোনো শুনানিতেও তিনি উপস্থিত হতে চান না। তিনি যা বলার, নিজের প্রতিবেদনেই বলেছেন।
ম্যুলারের এই কথার পর বিরোধী ডেমোক্র্যাটরা প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসিত করার দাবি নতুন করে তুলেছেন। ম্যুলারের বক্তব্য থেকে স্পষ্ট, তিনি চান ট্রাম্প অপরাধী কি না, সে সিদ্ধান্ত কংগ্রেসই গ্রহণ করুক। আর তার জন্য অভিশংসনপ্রক্রিয়া শুরুর কোনো বিকল্প নেই। একাধিক ডেমোক্রেটিক নেতা সে কথা বলেছেন।
ম্যুলারের বিবৃতির জেরে তাঁকে আক্রমণ করেন ট্রাম্প। তিনি বলেন, ম্যুলার এফবিআইয়ের পরিচালক হতে চেয়েছিলেন। কিন্তু সাফ জানিয়ে দিয়েছেন ‘না’। তাঁদের মধ্যে বিরোধ থাকার দাবিও করেন ট্রাম্প।
ডেমোক্র্যাটদের তোলা অভিশংসনের দাবির বিষয়েও ক্ষোভ ঝাড়েন ট্রাম্প। বৃহস্পতিবার সকালে হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, অভিশংসন খুবই নোংরা, অকথ্য ও বিরক্তিকর একটি শব্দ।
ট্রাম্প দাবি করেন, ম্যুলার তাঁর ব্যাপারে কখনো সত্য বলেননি। ম্যুলারের তদন্ত তাঁকে (ট্রাম্প) বিব্রত করার জন্যই।
বিশেষ কৌঁসুলির তদন্ত দলের সদস্যদের পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ বলেও অভিহিত করেন ট্রাম্প।